Skip to content

সাঈদীর আপিল শুনানির সময় ১ সপ্তাহ বেড়েছে

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর আপিল শুনানির সময় ১ সপ্তাহ বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সকালে আসামি পক্ষের এক আবেদনের প্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়। সাঈদীর প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক দেশের বাইরে থাকায় অন্য আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান সময়ের আবেদন করেন। তিনি বাংলামেইলকে জানান, ২৮ জানুয়ারি আপিলের যুক্তিতর্ক শুরু হবে।

প্রধান বিচারপতি মো. মোজ্জাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চে এ শুনানি চলছে। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

এর আগে সোমবার এ মামলার আপিল শুনানি করা হয়। ওইদিন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এসএম শাহজাহান আসামিপক্ষের ১৫তম স্বাক্ষীর জেরা আদালতে উপস্থাপন করেন। এর পর ১৬ ও ১৭তম সাক্ষীর জেরা উপস্থাপন চলার সময় আদালত এ মামলার কার্যক্রম মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সাঈদীর মামলার শুনানি করা হয়েছিল। পরে বিরোধী দলের হরতাল-অবরোধের কারণে আর শুনানি করা হয়নি।

শুনানিতে গত বছরের ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাঈদীর বিরুদ্ধে দেয়া ট্রাইব্যুনালের রায়ের ১২০ পৃষ্ঠা রায় পড়ে শোনান এ মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও অ্যাডভোকেট এসএম শাহজাহান। তারপর শুরু করা হয় সাক্ষীদের জেরার বিষয়ে উপস্থাপন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ মার্চ সাঈদী ও সরকারপক্ষ পৃথক দু’টি আপিল (আপিল নম্বর: ৩৯ ও ৪০) দাখিল করেন।

গত বছরের ৩ এপ্রিল আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদনের সারসংক্ষেপ জমা দেন সরকারপক্ষ। ১৬ এপ্রিল সারসংক্ষেপ জমা দেন আসামিপক্ষ।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, ধর্ষণের আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দু’টি অপরাধে সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫