স্পোর্টস ডেস্ক ॥ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই কোনঠাসা বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৩২ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে দিন শেষে বিনা উইকেটে ৬০ রান তুলে ফেলেছে লঙ্কানরা।
বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৭২ রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। করুণারতেœ ২৮ ও সিলভা ৩০ রানে অপরাজিত আছেন।
এরআগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বেকায়দায় পড়ে বাংলাদেশ। ৫৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।
শুরুটা ভালো হলেও দলীয় ৩৫ রানে সাজঘরে ফিরেন ওপেনার তামিম ইকবাল। তিনি ব্যক্তিগত ৬ রানে ইরাঙ্গার বলে লাকমলের তালুবন্দি হন। শামসুর রহমান ৩৩ করে ইরাঙ্গার দ্বিতীয় শিকারে পরিণত হন। মার্শাল আইয়ুব ১ রানে ম্যাথুসের এলবিডব্লিউর ফাঁদে পড়েন। আর ৮ রান করে লাকমালের বলে আউট হন মমিনুল হক।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশ ৪ উইকেটে ৫৯ রান করে। এরপর পঞ্চম উইকেট জুটিতে ৮৬ রান তুলে লড়ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক তুলে নেয়ার পরই আউট হয়ে সাজঘরে ফিরেন সাকিব। সাকিব আউট হওয়ার পরপরই আউট হয়ে যান নাসির হোসেন(৪)।
নিজের ক্যারিয়ারের ১৩তম টেস্ট অর্ধশতক করে এগোচ্ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু তিনি ও খুব বেশি সময় ক্রিজে পারেননি। দলীয় সর্বোচ্চ ৬১ রান করেন তিনি।
মুশফিক ফেরার পর যা একটু লড়েছেন স্পিনার সোহাগ গাজী। তৃতীয় সর্বোচ্চ ৪২ রান করেন তিনি। লঙ্কান বোলারদের বিপক্ষে কোনো রকম প্রতিরোধই গড়তে পারেননি বাংলাদেশের লেজের ব্যাটসম্যানরা। তাদের সাতজন ব্যাটসম্যান আউট হন দুই অঙ্কের কোটা স্পর্শ করার আগেই।
সফরকারীদের হয়ে ইরাঙ্গা ৪টি, লাকমল ৩টি ও হেরাথ ২টি উইকেট নেন।
