স্পোর্টস ডেস্ক ॥ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসক সংস্থা আইসিসির গুরুত্বপূর্ণ সভা বসছে মঙ্গলবার। দুবাইয়ে অনুষ্ঠেয় দুই দিনের আইসিসি সভায় চূড়ান্ত হবে বিগ থ্রির প্রস্তাব। বাংলাদেশের কোটি কোটি ক্রিকেট ভক্ত তাকিয়ে থাকতে দুবাইয়েরে দিকে।
আইসিসির এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও নির্বাহী প্রধান নিজাম উদ্দিন চৌধুরী সুজন। আইসিসির সভায় যোগ দিতে ২৫ জানুয়ারিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি পাপন। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে আরো গতিশীল এবং বাণিজ্যিকভাবে সফল করার জন্য সম্প্রতি সংস্থাটির প্রশাসনিক কাঠামোগত কিছু পরিবর্তনের পক্ষে প্রস্তাব দিয়েছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাণিজ্যিক দৃষ্টিকোন থেকে সফলতার জন্য ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা প্রদানের সুপারিশ করা হয়েছে প্রস্তাবটিতে।
টেস্ট ক্রিকেট নিয়ে বিগ থ্রির যে প্রস্তাব দিয়েছে তার প্রতিবাদে দেশে ও দেশের বাইরে সমালোচনার ঝড় উঠেছে। প্রস্তাবটি পাস করতে হলে আইসিসির সদস্যভুক্ত ১০ দেশের মধ্যে আট দেশের ভোট পেতে হবে। টেস্ট ক্রিকেটের ধারা পরিবর্তনের প্রস্তাবের বিপক্ষে ইতিমধ্যেই বিরোধীতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ছাড়াও জিম্বাবুয়ে,দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান এ প্রস্তাবে রাজি নয়। তাই প্রস্তাবটি না পাস না হওয়ার সম্ভাবনাই বেশি।
আইসিসি সহ-সভাপতি আ হ ম মোস্তাফা কামাল সভায় যোগ দিতে ঢাকা ছাড়ার আগে এমন কথাই বলেছেন মিডিয়াকে। এই প্রস্তাবের খসড়া নিয়ে মঙ্গলবার ও বুধবার আইসিসি নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হবে। এ প্রস্তাব পাশ হলে তাতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের টেস্ট স্ট্যাটাস থাকলেও আফগানিস্তান, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও কেনিয়ার মতো দেশের সঙ্গে দীর্ঘ বিরতির পর পর ইন্টারকন্টিনেন্টাল কাপ নামে একটি নিম্নমানের টুর্নামেন্ট খেলতে হবে। দীর্ঘ ১৪ বছর ধরে সম্মানের সঙ্গে টেস্ট খেলে আসা বাংলাদেশের জন্যে এটা হবে নিতান্তই লজ্জাজনক।
