Skip to content

বিতর্ক জনগণ ও পুলিশের মাঝে সেতুবন্ধন রচনা করে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ডিএমপি কমিশনার বেনজির আহমেদ বলেছেন, ‘বিতর্ক প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসাধারণ এবং পুলিশদের মাঝে সেতুবন্ধন রচনা করা। বিতার্কিকরাই হতে পারে এই সেতুবন্ধন রচনার নির্ধারক।’

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ঢাকা মহানগর পুলিশের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিএমপি আয়োজিত যুব বিতর্ক উৎসবের ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডিএমপি আয়োজিত যুব বিতর্ক উৎসবের ফাইনালে বিতর্ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল ও নটরডেম কলেজ। উত্তেজনাপূর্ণ এই বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হলের ডিবেটিং ক্লাব এবং রানার আপ হয়েছে নটরডেম কলেজ গোল্ড ক্লাব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘বাক স্বাধীনতা ধ্রুব’। জসীম উদ্দীন হলের তিনজন বিতার্কিক আবদুল্লাহ আল ইমরান, জাহিদুল ইফতেখার রিফাত, জিহাদ আল মেহেদী এবং নটরডেম কলেজের বিতার্কিক হিসেবে ছিলেন ওমর রাজ চৌধুরী, মিরাজুল ইসলাম, শোভন।

সত্যকে প্রকাশ করা, আন্দোলন করে সত্যকে চিরন্তন হিসেবে প্রতিষ্ঠা করাই হল বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা ধ্রুব। কিন্তু না, সর্বক্ষেত্রে বাক স্বাধীনতা ধ্রুব না। কারণ কিছুক্ষেত্রে বাক স্বাধীনতা মানুষের সম্মান হানি কিংবা রাষ্ট্রের সম্মান হানি করতে পারে। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে বাক স্বাধীনতার সীমাবদ্ধতার প্রয়োজন রয়েছে।

এমন উত্তেজনাপূর্ণ বিতর্কের মধ্য দিয়েই শেষ হল ‘৩৯তম ডিএমটি রেইজিং ডে’ যুব বিতর্ক উৎসবের ফাইনাল বিতর্ক।

বিতর্ক প্রতিযোগিতায় টুর্নামেন্ট সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন আল ইসলাম ইমরান ও ফাইনাল বিতর্কে সারপ্রাইজ বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন জিহাদ আল মামুন। সারপ্রাইজ পুরস্কার পাওয়া জিহাদ আল মামুনকে ঢাকা টু কক্সবাজার ভ্রমণের টিকিট প্রদান করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন খালেদা আক্তার রোজি, শান্তনু মজুমদার, ফারহানা মেহতাব, দেবাশীষ কুণ্ড কাকন, সঞ্জীব সাহা, মাহবুব নাসরিন, বুলবুল হাসান।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নাসরীন আহমাদ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আসা ৪০টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫