স্টাফ রিপোর্টার ॥ ছাত্রলীগের বিবাদমান দু’পক্ষের সংঘর্ষের আশঙ্কায় রাজধানীর মিরপুরের বাঙলা কলেজের বিভিন্ন আবাসিক হলে অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে পুলিশ। হলগুলো থেকে এ সময় বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালায় মিরপুর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে আটককৃতদের হলে থাকার কোনো বৈধ কাগজ-পত্র ছিল না।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি পিস্তল, তিনটি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি, ২১ ধারালো অস্ত্র, ২০টি লোহার রড।
কলেজের হল দখল ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বহিরাগতরা অস্ত্রশস্ত্র নিয়ে হলে অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হতে পারে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনাকাঙ্খিত কোনো পরিস্থিতি এড়াতে পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, হল দখলকে কেন্দ্র করে সোমবার রাজধানীর টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগের দুপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী গুরুতর আহত হন। এছাড়া সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাদের সশস্ত্র হামলার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম এ সংগঠনটি।
