Skip to content

রুয়েটে অবৈধ নিয়োগ নিয়ে তোপের মুখে ছাত্রকল্যাণ পরিচালক

বাংলাভূমি২৪ ডেস্ক॥ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অবৈধ নিয়োগ নিয়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিয়োগ বঞ্চিত কর্মচারীদের তোপের মুখে প্রশাসন ভবনের পেছনের দরজা দিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মু. কামরুজ্জামান রিপন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। পরে বিক্ষুদ্ধ কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। এ ঘটনায় রুয়েটে উত্তেজনা বিরাজ করছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে রুয়েটের সিন্ডিকেট সভায় প্রথম, দ্বিতীয় ও শ্রেণীর নয়জনের স্থানে ১৭ জন কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ চুড়ান্ত করা হয়। এই নিয়োগে বিশ্ববিদ্যালয়ে আগে থেকেই মাস্টার রোলে বিনা বেতনে কাজ করা কর্মচারীদের নিয়োগ না দিয়ে নতুনদের নিয়োগ দেওয়ায় শনিবার সকাল থেকেই প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় কর্মচারীরা।

‘কর্মচারী সমিতি’ ও ‘মাস্টার রোল সমিতি’ নামে কর্মচারীদের দু’টি সংগঠন এই নিয়োগ বাতিল করে মাস্টার রোলে কাজ করা লোকদের নতুন করে নিয়োগ দেওয়ার দাবিতে সকাল ৯ টা থেকেই প্রশাসন ভবনের সামনে আন্দোলন করে আসছিলেন। সকাল থেকেই প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মর্ত্তুজা আলী ও রেজিস্ট্রার আশরাফুল আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কোনো কর্মকর্তা না আসলেও সাড়ে ১০টার দিকে অফিসে আসেন ছাত্রকল্যাণ পরিচালক। খবর পেয়ে কর্মচারীরা ছাত্রকল্যাণ পরিচালকের অফিসের দিকে স্লোগান দিতে দিতে এগুলে পেছনের দরজা দিয়ে বেরিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। এসময় নিয়োগ বঞ্চিত কর্মচারীরা তাঁর অফিসের জানালার কাঁচ ও নেমপ্লেট ভাঙচুর করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কর্মচারী সমিতির সভাপতি মুরাদ হোসেন বলেন, অস্থায়ী লোকদের স্থায়ীভাবে নিয়োগ না দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন টাকার বিনিময়ে বাইরের সম্পূর্ণ নতুন লোকদের নিয়োগ দিয়েছে। সিন্ডিকেটের ওই নিয়োগ বাতিল করে নতুন করে মাস্টার রোলে অনেক ধরে কাজ করা লোকদের নিয়োগ দিতে হবে।

তিনি আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে টানা কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

এ বিষয়ে রুয়েট উপাচার্য প্রফেসর এম মর্ত্তুজার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শামসুন নূর বলেন, রুয়েটে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ঝামেলা হওয়ায় সেখানে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫