Skip to content

দিল্লির মসনদকে কেজরিওয়ালের গুডবাই

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দিল্লির মসনদে বসার মাত্র ৪৯ দিন পরেই পদত্যাগ করলেন আলোচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভায় জন লোকপাল বিল পাস করাতে না পারায় শুক্রবার রাতে তিনি পদত্যাগ করেন। এর মাধ্যমেই অবসান হলো আম আদমি পার্টির (আপ) দিল্লি শাসন।

জানা গেছে, দিল্লি বিধানসভার ৭০ জন সদস্যের মধ্যে ৪২ জনই এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন।

এর আগে বিরোধীদের তুমুল প্রতিবাদ ও তীব্র হইহট্টগোলের মধ্যেই এদিন দিল্লি বিধানসভায় জন লোকপাল বিল পেশ করেছিলেন কেজরিওয়াল। কিন্তু বিল পেশের প্রক্রিয়াকেই অসাংবিধানিক আখ্যা দিয়ে তার তীব্র বিরোধিতা করে বিজেপি এবং কংগ্রেস। ফলে সম্মিলিত বিরোধিতার মুখে বিলটি পেশ হয়েও খারিজ হয়ে যায়।

দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার থেকে। প্রথম দিনেই জন লোকপাল বিল পেশ করার কথা বলেছিলেন কেজরিওয়াল। কিন্তু বিজেপি এবং আপের ‘সহযোগী’ কংগ্রেসের বিরোধিতার মুখে বিল পেশ করতে ব্যর্থ হন।

নিয়মানুযায়ী দিল্লি বিধানসভায় কোনো বিল পেশ করতে হলে উপরাজ্যপাল তথা কেন্দ্রের অনুমতির প্রয়োজন। এ ক্ষেত্রে তেমন কোনো অনুমতিই নেয়া হয়নি বলে অভিযোগ বিরোধীদের। এখনই বিল পেশ না করার পরামর্শ দিয়েছিলেন উপরাজ্যপাল। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করে শুক্রবার বিলটি এনে আলোচনা বা ভোটাভুটির আবেদন করেন মুখ্যমন্ত্রী। বিল নিয়ে আলোচনার অনুমতি দেয়ার সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা।

এ অবস্থায় বাধ্য হয়ে ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করেন স্পিকার। এরপর অধিবেশন শুরু হতেই আবার বিল পেশের পদ্ধতিগত ত্রুটির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়। আপের সংসদ সদস্যরা ছাড়া বাকি সব সবাই এর বিরোধিতা করেন। ফলে বিল পেশ হলেও তা খারিজ করে দিতে বাধ্য হন স্পিকার। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫