Skip to content

বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবেই

স্টাফ রিপোর্টার ॥ আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা প্রদানের ব্রত নিয়ে এক যুগ পার করলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি । ঢাকার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল পালিত হয়েছে ‘এক যুগপূর্তি উৎসব।’ ১২ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অতিথিদের উপস্থিতিতে লোকারণ্যে পরিণত হয়েছিল আশুলিয়ার সবুজ ক্যাম্পাস। দিনব্যাপী এক যুগপূর্তি উৎসবে ছিল নানা আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। অনুষ্ঠানে বাংলাদেশ ও দেশের মানুষের ভূয়সী প্রশংসা করে মজিনা বলেন, আমি বিশ্বের অনেক স্থানে, অনেক মানুষের সঙ্গে মিশেছি। প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ অনেক ভাল। কর্মঠ ও প্রাণবন্ত।

এই দেশকে সৃষ্টিকর্তা অনেক দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে উর্বর মাটি, পানি, সুন্দর আবহাওয়া। এখানে বিপুল খনিজ সম্পদ রয়েছে। বাংলাদেশ অবশ্যই এশিয়ার উদীয়মান শক্তিতে রূপান্তরিত হবে। শিক্ষার্থীদের উদ্দেশে মজিনা বলেন, আপনারাই আজকের বাংলাদেশ গড়ার কারিগর। আপনারাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। এদেশকে মধ্য আয়ের দেশে আপনাদেরই তৈরি করতে হবে। শিক্ষাকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়তে হবে। যা রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ছিল। যা আমাদের সবার স্বপ্ন।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ড্যান মজিনা আরও বলেন, ‘সিলেট থেকে সাতক্ষীরা ও টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে দেখেছি বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবেই। এদেশের মানুষ এখন ড্যাফোডিল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণ করছে। প্রাথমিক শিক্ষার মানও ভাল। বাংলাদেশীরা এখন দক্ষ শ্রমিক সরবরাহ করে। ‘নিজের দেশের সঙ্গে সঙ্গে এদেশের মানুষ দক্ষিণ এশিয়ার অনেক দেশকে গড়ে তুলবে’ বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম লুৎফুর রহমান, ‘এক যুগপূর্তি উৎসব’ উদযাপন কমিটির অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. এম মিজানুর রহমান প্রমুখ। এসময় অতিথিদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন ড. আমিনুল ইসলাম, ড. জাকির হোসেন, ড. এমরান হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফজলুল হক, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান আলাল প্রমুখ। উৎসব উপলক্ষে সকাল থেকেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।

এর আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তৈরি করেন শতাধিক স্টল। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। গতকাল দুপুর ১২টায় সবুজ প্রান্তরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে কবুতর অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ করেন তিনি।

আলোচনা সভা ছাড়া আয়োজন করা হয়েছিল শোভাযাত্রা, পিঠা উৎসব, বিভিন্ন প্রকল্প প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, বনভোজন, সেলিব্রেটি শো, খেলাধুলা, ফান ইভেন্টস, র‌্যাফেল ড্র ও লাইভ কনসার্ট-এর। উল্লেখ্য, ২০০২ সালের ২৪শে জানুয়ারি যাত্রা শুরু হয় ড্যাফোডিল ইউনিভার্সিটির।

বর্তমানে ১২,০০০ শিক্ষার্থী মুখরিত এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ৬৮ শিক্ষার্থী নিয়ে। মাত্র কয়েক বছরে মানসম্পন্ন সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় অবস্থান করে নিয়েছে এই প্রতিষ্ঠান। সমপ্রতি আশুলিয়ায় ৩০ একর ভূমিতে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে গতকাল পালিত হয় ‘এক যুগপূর্তি উৎসব।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫