বাংলাভূমি২৪ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের টেলিযোগাযোগ পণ্য নির্মাতা জুনিপার নেটওয়ার্কসকে কেনার পরিকল্পনা করছে নকিয়া। এর মাধ্যমে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে তাদের বাজার বৃদ্ধির চেষ্টা করবে বলে অভিমত বিশ্লেষকদের। জার্মান অনলাইন ম্যাগাজিন ‘ম্যানেজার’ গত বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। খবর বিজনেস ইনসাইডারের।
নকিয়া সলিউশনস অ্যান্ড নেটওয়ার্কস (এনএসএন) যাত্রার থেকেই তাদের ব্যবসা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রসারিত করার চেষ্টা করে আসছে। বিশ্বের অনেক বাজারেই তারা সফলভাবে ব্যবসা করতে সক্ষম হচ্ছে। এবার তারা যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ বাজারে তাদের পণ্যের বাজার বৃদ্ধির দিকে মনোযোগ দিতে যাচ্ছে। এ উদ্দেশ্যে জুনিপার নেটওয়ার্কসকে কিনে নেয়ার পরিকল্পনা করছে নকিয়া।
গত বছরের শেষ দিকে এ বিষয়ে জুনিপারের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে কথা বলতে নকিয়া সলিউশনস ও নেটওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব সুরি যুক্তরাষ্ট্র সফরে যান। উল্লেখ্য, এরই মধ্যে জুনিপারের সঙ্গে নকিয়ার একটি চুক্তি রয়েছে। এ চুক্তির অধীনে প্রতিষ্ঠান দুটি একত্রে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মোবাইল ক্যারিয়ারের কাছে নেটওয়ার্ক পণ্য বিক্রি করতে পারবে।
তবে নকিয়া এখন জুনিপারের ব্যবসা পুরোপুরি কিনে নেয়ার পরিকল্পা করছে। বেশ কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে বাজার দখলে পিছিয়ে পড়েছে। এ কারণে তারা জুনিপারের মাধ্যমে বাজার ধরার চেষ্টা করছে বলে অভিমত বিশ্লেষকদের। এ ধরনের অধিগ্রহণের ফলে যুক্তরাষ্ট্রে নকিয়ার নেটওয়ার্ক পণ্যের দাম অনেকাংশেই হ্রাস পাবে। ফলে দেশটিতে এ পণ্যের বাজার বৃদ্ধির একটি ভালো সম্ভাবনা রয়েছে।
গত বছর মাইক্রোসফট নকিয়ার সেলফোন ব্যবসা কিনে নেয়। এতে মাইক্রোসফট অনেকাংশে লাভবান হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে জুনিপার সলিউশনকে কিনে নেয়ার মধ্য দিয়ে নকিয়াও লাভের পাল্লায় থাকবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক
