বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে লন্ডনে বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনারে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় নারী ও শিশুরা আটকা পড়েন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তবে হতাহত ও আটকের সংখ্যা সম্পর্কে কিছু জানা যায়নি।
লন্ডনের অ্যাডভারটাইজার পত্রিকা জানায়, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে ফুল নিয়ে শত শত বাংলাদেশি আলতাব আলী পার্কে সমবেত হন। কিন্তু বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার বিতর্ককে কেন্দ্র করে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি সহিংসতায় রূপ নেয়।
লন্ডনের বেতার বাংলা রেডিওর উপস্থাপক অজন্ত দেব রায় বলেন, এক পক্ষের স্লোগান নিয়ে অন্য পক্ষ ইস্যু হিসেবে নিলে সংঘাতের সূত্রপাত হয়। একপক্ষ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবি করছিল। অন্যপক্ষ তা পছন্দ করেনি। এ সময় তারাও প্রতিপক্ষকে হুমকি দিতে থাকে। প্রথমে এটি মুখে মুখে বলা হলেও পরে একে অপরকে আক্রমণ করে।
অজন্ত দেব রায় আরো বলেন, তারা স্লোগান পছন্দ না করায় ব্যারিকেড ভাঙ্গে এবং আমাদের মারতে চায়। তারা ছিল আক্রমণাত্মক। যখন মারামারি চলছিল তখন সাধারণ মানুষও সেখানে ফুল দিতে গিয়েছিলেন। সেখানে ছয়-সাত বছর বয়সের এক শিশু ভয়ে কাঁদছিল। এরপর পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সকলকে বের করে দেয়।
