বাংলাভূমি২৪ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা দশ শীর্ষ বেসরকারি সশস্ত্র সংগঠনের মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকেও রেখেছে। এ তালিকায় আরো রয়েছে- তালেবান, ইরাকি আল কায়েদা এবং ভারতের মাওবাদী সংগঠন।
গতকাল রোববার আইএইচএস তাদের নিজস্ব ওয়েবসাইটে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে।
আইএইচএস জেনস ২০১৩ গ্লোবাল টেরোরিজম অ্যান্ড ইনসারজেন্সি অ্যাটাক ইনডেক্স শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে সারা বিশ্বে বেসরকারি সশস্ত্র গ্রুপগুলোর হামলার ঘটনা বেড়েছে। ২০০৯ সালে বিভিন্ন স্বাধীন সংবাদ উৎসের হিসাবে সারা বিশ্বে ৭ হাজার ২১৭টি এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। ২০১৩ সালে তা ১৫০ শতাংশ বেড়ে ১৮ হাজার ৫২৪ গিয়ে দাঁড়িয়েছে।
বিশ্বের শীর্ষ ১০ বেসরকারি সশস্ত্র গ্রুপের তালিকায় যারা উঠে এসেছে তারা হলো-
১. বারিসান রিভলুসি নাশনাল (থাইল্যান্ড)
২. তালেবান
৩. ইসলামী ছাত্রশিবির (বাংলাদেশ)
৪. কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া- মাওবাদী
৫. ইরাকি আল কায়েদা
৬. হরকাত আল শাবাব আল মুজাহিদিন (আল শাবাব)
৭. ফার্ক (কলম্বিয়া)
৮. নিউ পিপলস আর্মি (ফিলিপাইনস)
৯. জাবহাত আল নুসরা (সিরিয়া)
১০. ইউনিফাইড কমিউনিস্ট পার্টি অব নেপাল- মাওবাদী
উল্লেখ্য, আইএইচএস হলো আন্তর্জাতিক একটি তথ্য সরবরাহকারী গবেষণা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের গবেষকরা বিশ্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো নিয়ে নানা ধরনের গবেষণা চালায়। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি, অর্থনীতি, ভূরাজনীতি, স্থিতিশীলতা এবং পণ্য সরবরাহ ব্যবস্থা নিয়ে তাদের আগ্রহ বেশি। ৩১টি দেশে তাদের ৮ হাজারেও বেশি লোক কাজ করে।
