Skip to content

ছাত্রদলকে শাসালেন ক্ষুব্ধ খালেদা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সরকার বিরোধী আন্দোলনে বিভিন্ন কর্মসূচিতে ছাত্রদলের তৎপরতা নিয়ে সন্তুষ্ট নন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির গুরুত্বপূর্ণ এ সহযোগী সংগঠনের নেতাদের কর্মকাণ্ডে তিনি ক্ষুব্ধ। তাই দ্রুত সংগঠন গুছিয়ে মাঠে সক্রিয় হতে না পারলে নিজেই এর নিয়ন্ত্রণ নেবেন বলে সতর্ক করে দিয়েছেন।

কমিটি পুনর্গঠনে সোমবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময়ে বসেন খালেদা জিয়া। সভায় ছাত্রদল নেতাদের বক্তব্য শেষে প্রায় ৩ মিনিটের বক্তব্যে তিনি তাদের এভাবেই শাসিয়ে দেন।

সভা সূত্র জানায়, নেতাদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ছাত্রদলকে নেতৃত্বশূন্য মনে হয় কেন? অন্যের বিরুদ্ধে কথা বলার সময় তো কেউ কম বলো না। কিন্তু প্রয়োজনের সময় তো কাউকে খুঁজে পাওয়া যায় না। ছাত্রদলের কর্মকাণ্ডে আমি সন্তুষ্ট হতে পারিনি। কেন্দ্রীয় কমিটির ২৯১ জন সদস্যর মধ্যে সবেমাত্র ৭/৮ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছে। যদিও তারা কারাগারে থাকার মতো কোনো অপরাধ করেনি। তারা আওয়ামী অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দল দমনে যে জুলুম নির্যাতন চালাচ্ছে তার প্রতিহিংসার স্বীকার।’

তিনি সবাইকে শাসিয়ে দিয়ে বলেন, ‘আমি দেখতে চাই যত দ্রুত সম্ভব নিজেরা সাংগঠনিকভাবে দলকে গোছাবে। অন্যথায় আমি নিজেই সিদ্ধান্ত নিবো: কী করা যায়। কেননা শহীদ জিয়াউর রহমান যে ছাত্রদল গঠন করেছিলেন তার একটা আর্দশ ও ঐতিহ্য আছে। দেশের প্রতিটি গণতান্ত্রিক অধিকার রক্ষায় তারা জীবন বাজি রেখেছে। কাজেই নিজেদের স্বার্থ ও ক্ষমতার মোহে সেই ঐতিহ্য বিনষ্ট করা যাবে না। আগামী দিনে ছাত্রদলের রাজনীতির সাথে নিজেদের সম্পৃক্ত করতে হলে তাকে অবশ্যই ছাত্র রাজনীতির পাশাপাশি মেধাবী, সর্বজন গ্রহণযোগ্য নেতৃত্বের অধিকারী হতে হবে।’

আগামী দিনের আন্দোলন সংগ্রামে দ্বিধাদ্বন্দ্ব ভুলে রাজনীতি করতে মেধা বিকাশে যোগ্য নেতৃত্বের অধিকারী হয়ে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

এসময় আন্দোলন সংগ্রামে ব্যর্থতার দায়ে শিগগিরই ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যায়ল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ভেঙে নতুন কমিটি দেয়ার কথাও জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এদিকে বেছে বেছে কয়েকেজনকে মতবিনিময়ের জন্য ডাকায় ক্ষুদ্ধ ছাত্রদলের অনেক নেতা।

জানা গেছে, আট বছর ধরে হল কমিটি নেই। পুরনোদের অনেকেই নেই। এছাড়া ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক জেলে থাকায় ভারপ্রাপ্তরা মতবিনিময়ে গেছেন। কিন্তু সাংগঠনিক সম্পাদকের চেয়ে সহসভাপতির পদ বড়। তাদের না ডাকায় ক্ষুদ্ধ হয়েছেন সহসভাপতি ও জুনিয়ররা। বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫