Skip to content

নারী আসনের নির্বাচন ৩ এপ্রিল

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের পূর্বের ঘোষিত তফসিল বাতিল করে নতুন করে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ এপ্রিল শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯ মার্চ। ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন দাখিল করতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ মার্চ। ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ে যাচাই-বাছাই হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৮ মার্চ। এদিন বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে।

সংরক্ষতি নারী আসনের নির্বাচন পরিচালনায় রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব জেসমিন টুলি। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ। পোলিং অফিসারের দায়িত্বে থাকবেন নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন ও নির্বাচন কমিশন সচিবালয়ের সংস্থাপন শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম।

এর আগে রোববার তফসিল ঘোষণাকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ৪১টি আসন পাচ্ছে। এর মধ্যে জাসদ, জেপি, ওয়ার্কার্স পার্টি রয়েছে। জাতীয় পার্টি ৬টি। স্বতন্ত্র ও নির্দলীয় জোট ৩টি আসন পাবে। তরিকত ফেডারেশন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনফ) কোনো আসন পায়নি।’

প্রসঙ্গত, এর আগে গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮ জানুয়ারি ২৯৭টি আসনের সংসদ সদস্যদের নির্বাচিত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এর মধ্যে আওয়ামী লীগের ২৩১টি, জাতীয় পার্টি ৩৪টি, জাসদ ৫টি, ওয়ার্কার্স পার্টি ৬টি তরিকত ফেডারেশন ২টি, জেপি ২টি, স্বতন্ত্র ১৬টি এবং বিএনএফের ১ জন সংসদ সদস্য রয়েছে।

আইন অনুযায়ী গেজেট প্রকাশের ২১ কার্যদিবসের মধ্যে কোন প্রার্থী কোন জোটে আছেন তা নির্বাচন কমিশনকে অবহিত করতে হয়। পরে নির্বাচন কমিশন ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনের নোটিশ বোর্ডে তা টাঙিয়ে দেয়। তারপর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫