Skip to content

ফরিদগঞ্জে ভুতুড়ে ভোট এক কেন্দ্রে রেকর্ড কাস্টিং ১০৭.৪৩%

জেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ ॥ ফরিদগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে দেখা গেছে অস্বাভাবিক ও ভুতুড়ে ভোটের ছড়াছড়ি। নির্বাচনের দু’দিন পর এখন এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রভিত্তিক ভোটের ফলাফল প্রকাশের পর এ আলোচনার ঝড় উঠেছে। এতে, দেখা যায় একটি কেন্দ্রে ভোট রেকর্ড করা হয়েছে শতকরা ১০৭.৪৩ (অর্থাৎ এ কেন্দ্রে মোট ভোটের চেয়ে বেশি ভোট কাস্ট করা হয়েছে)। ভাইস চেয়ারম্যান পদে অবৈধ ভোট ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতায়। শুধু তাই নয়, অবৈধ ভোট পাস করেছে একটি কেন্দ্রে এবং মোট ২৫ কেন্দ্রে অবৈধ ভোট ছিল দ্বিতীয় অবস্থানে। নিজের কেন্দ্রে হেরেছেন বর্তমান চেয়ারম্যান বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজী মোজাম্মেল, তার সর্বমোট ভোট সংখ্যা ৫৭৫। নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ভোটের ফলাফলে জানা গেছে, উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের ৪৬নং পশ্চিম লাউতলী উচ্চবিদ্যালয় পুরুষ মহিলা কেন্দ্রের মোট ভোট সংখ্যা ২২৩৪টি। কিন্তু সেখানে মোট ভোট কাস্ট হয়েছে ২৪০০। শতকরা হারে তা ১০৭.৪৩। এ কেন্দ্রে চেয়ারম্যান পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান (প্রাপ্ত ভোট ১২১২), অন্যরা ১০৯২টি, ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ওয়াহিদুর রহমান (প্রাপ্ত ভোট ১৭৫৭), অন্যরা ৪৭৬টি, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির রেবেকা সুলতানা (প্রাপ্ত ভোট ১৩০৯) অন্যান্যরা ৯৫৩টি। অবৈধ ভোট রেকর্ড হয়েছে চেয়ারম্যান পদে ৯৬টি, ভাইস চেয়ারম্যান পদে ১৬৭টি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩৮টি। এছাড়া, দ্বিতীয় সর্বোচ্চ ভোট কাস্টিং হয়েছে ৯৬.৮৩%, কেন্দ্রের নাম, ১৪নং ফরিদগঞ্জ (দ.) ইউনিয়নের ৮৯নং দক্ষিণ চরবড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রে মোট ভোটার ৩১৫৩। এতে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন আওয়ামী লীগের ৩ প্রার্থী। তবে, নির্বাচন অফিসের অফিস সহকারী মো. কামাল বলেছেন, ৪৬নং পশ্চিম লাউতলী উচ্চ বিদ্যালয় পুরুষ মহিলা কেন্দ্রের ভোট গণনায় ভুল হয়েছে। যদি তাই হয়, তবে প্রার্থীর ঘোষিত মোট ভোট সংখ্যা কমে যাবে। কিন্তু এ রিপোর্ট লেখা (গতকাল সন্ধ্যা) পর্যন্ত কোন প্রার্থীর ভোট কমে যাওয়ার কথা জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫