স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইল-৮ ( সখীপুর-বাসাইল) আসনের প্রার্থিতা ফিরে পেতে করা আপিলের শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রোববার সকাল নয়টা ৫৭ মিনিটে তিনি কমিষন কার্যালয়ে গিয়ে পৌঁছেন। তার সঙ্গে রয়েছেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতিক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, সদস্য অ্যাড. আতিকুর রহমান।
রোববার সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিনসহ সকল কমিশনার আইন শাখার সকল কর্মকর্তা উপস্থিত থাকবেন।
এর আগে বুধবার টাঙ্গাইল জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার সৈয়দ মো. খুরশিদ আনোয়ার যাচাইবাছাই করে ঋণখেলাপের দায়ে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। একই দিন আরো দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
রিটার্নিং অফিসার সেদিন জানিয়েছিলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে তিনদিনের মধ্যে তাদের আপিল করার সুযোগ রয়েছে।
পরে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় কাদের সিদ্দিকী প্রধান নির্বাচন কমিশন বরাবর আপিলটি করেন। রাতে আবেদনপত্র যাচাইবাছাই শেষে ২ মার্চ রোববার শুনানির দিন ধার্য করে নির্বাচন কমিশন। পরে সাড়ে রাত ৯টার দিকে শুনানিতে উপস্থিত থাকতে নির্বাচন কমিশন থেকে কাদের সিদ্দিকী বরাবর একটি চিঠি প্রস্তুত করা হয়। ওই রাতেই কাদের সিদ্দিকীর একজন প্রতিনিধি নির্বাচন কমিশন থেকেই তা সংগ্রহ করেন।
চিঠিতে বলা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ১৩৭ (টাঙ্গাইল-৮) এর শূন্য আসনের নির্বাচনে প্রার্থী হিসেবে আপনার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক বিগত ২৬ ফেব্রুয়ারি বাতিল হয়। উক্ত বাতিলাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দাখিলী নির্বাচনী আপিল নং ২/২০১৪ এর শুনানি আগামী ২ মার্চ সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। শুনানিতে যথাসময়ে আপনাকে উপস্থিত থাকতে অনুরোধ করা হল।
উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি সকালে মোহাম্মদপুরে কাদের সিদ্দিকীর বাসায় দলের বর্ধিত সভায় উপ-নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে তিনি ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন।
