বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সপ্তাহ শেষে সবজির দাম বেড়েছে। বাড়তি দামের তালিকায় রয়েছে মসুর ডালও। তবে কমেছে গরুর মাংসের দাম। এ ছাড়া অন্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট (নতুন কাঁচাবাজার) ও টাউনহল কাঁচাবাজার ও আদাবর কাঁচাবাজার ঘুরে দামের এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম গত সপ্তাহের চেয়ে অনেক বেড়েছে। গত সপ্তাহে মৌসুমি সবজির দাম চড়া থাকলেও শীতকালীন সবজির দাম কম ছিল। কিন্তু চলতি সপ্তাহে সব সবজির দামই বেড়েছে।
সবজির দাম প্রসঙ্গে মোহাম্মদপুর কৃষি মার্কেটের (নতুন কাঁচাবাজার) খুচরা বিক্রেতা খলিলুর রহমান সরদার দ্য রিপোর্টকে বলেন, গরম পড়ে যাচ্ছে। গরমের মৌসুমের যে সকল সবজি আসছে তা নতুন। এ জন্য তার দামটাও বেশি।
চলতি সপ্তাহে সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে পেঁপের। বর্তমানে সবজিটি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকায়। কিন্তু গত সপ্তাহে এর দাম ছিল প্রতি কেজি ১২ টাকা। নতুন পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। অন্য সবজির মধ্যে বেগুন প্রতি কেজি ৪০-৫০ টাকায়, করলা প্রতি কেজি ৭০-৭৫ টাকায়, টমেটো প্রতি কেজি ৩৫-৪০ টাকায়, শিম প্রতি কেজি ৩৫ টাকায়, ফুলকপি প্রতি কেজি ৩৫ টাকায়, ঢেড়স প্রতি কেজি ৭০-৮০ টাকায়, শসা প্রতি কেজি ৪০ টাকায়, কাঁচা মরিচ প্রতি কেজি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
কিন্তু গত সপ্তাহে প্রতি কেজি বেগুন ৩০-৩৫ টাকা, শিম ১৫-২০ টাকা, শসা প্রতি কেজি ২০ টাকা, টমেটো ২০-২৫ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফুলকপি প্রতি পিস বিক্রি হয়েছে ২৫ টাকায়।
গত সপ্তাহে প্রতি কেজি ভারতীয় মসুর ডাল ৬৫-৭০ টাকায়, দেশি ডাল ১০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু চলতি সপ্তাহে তা বেড়ে গিয়েছে। বর্তমানে ভারতীয় মসুর ডাল ৭০-৭৫ টাকায় ও দেশি ডাল ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের মধ্যে গরুর দাম গত সপ্তাহের চেয়ে কম। বাজারে বর্তমানে প্রতি কেজি গরুর মাংস (বাজারভেদে) বিক্রি হচ্ছে ২৬০- ২৭০ টাকায়। তবে গত সপ্তাহে এর দাম ছিল ২৮০ টাকা।
মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজারে বাজার করতে আসা ক্রেতা জসিমউদ্দিন বলেন, গত সপ্তাহের চেয়ে আজ গরুর মাংসের দাম কম। গত সপ্তাহে ২৮০ টাকা দিয়ে কিনলেও আজ কিনেছি ২৭০ টাকায়।
এ ছাড়া ফার্মের মুরগির মাংস প্রতি কেজি ১৫৫-১৬০ টাকায়, খাসির মাংস প্রতি কেজি ৪৫০-৫৮০ টাকায় বিক্রি হচ্ছে।
চালের দামে কোনো পরিবর্তন হয়নি। বাজারে মিনিকেট চাল প্রতি কেজি ৪৯-৫০ টাকায়, নাজিরশাইল প্রতি কেজি ৫০-৫৭ টাকায় ও পারিজাত জাতের চাল ৩৮-৪২ টাকায় বিক্রি হচ্ছে।
ফার্মের মুরগির ডিম প্রতি হালি ৩০ টাকায় ও হাঁসের ডিম ৪০ টাকায় বিক্রি হচ্ছে।দ্য রিপোর্ট
