অগ্নিকাণ্ডে নিহত ৩ বাংলাদেশির লাশ আসছে আজ বাহরাইন থেকে
স্টাফ রিপোর্টার ॥ বাহরাইনের রাজধানী মানামায় অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশির লাশ বাংলাদেশে আনা হচ্ছে। শনিবার বিকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাশগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে।
সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্হারানে স্থানীয় সময় প্রায় রাত আড়াইটার পর বৈদ্যুতিক শর্ট সার্কিটে একই কক্ষের তিন বাংলাদেশি শ্রমিকের ধোঁয়ায় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয় । নিহতরা হলেন-কুমিল্লা বুড়িচং উপজেলার রামপুর গ্রামের নাজির আহাম্মদের ছেলে মোশাররফ হোসেন (৩২), একই গ্রামের গফুর মিয়ার ছেলে জালাল উদ্দিন(৩০), ও একই এলাকার জিয়পুর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে দুলাল মিয়া (৩০)।
বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশ সরকার ও বাহরাইনস্ত বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় দ্রুত নিহতদের লাশ দেশে আনার ব্যবস্থা করা হয় ।
উল্লেখ্য, গত বছর জানুয়ারিতে মানামার ওই এলাকাতেই একটি ভবনে আগুন লেগে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়। ২০১২ সালের ২৭ মে মানামা থেকে ২০ কিলোমিটার দূরে এক বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছিলেন। ২০০৬ সালে একই ধরনের ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ শ্রমিক।
