বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেছেন- নির্বাচন হলে সহিংসতা হবেই। বরং সহিংসতা না হওয়াটাই অস্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও নির্বাচনে সহিংসতা হয়ে থাকে। তবে আমরা শক্ত অবস্থানে আছি বলে সহিংসতা তুলনামূলক কম হচ্ছে।
নির্বাচনে সহিংসতার প্রতিকার চেয়ে না পেলে প্রার্থীদের হাইকোর্টে যাওয়ারও পরামর্শ দেন তিনি।
কয়েক ধাপের নির্বাচনের বিষয়ে আবু হাফিজ বলেন, আমাদের দেশে একদিনেই নির্বাচন করার কালচার ছিল। বিভিন্ন কারণে এবং সমস্যার জন্য আমরা কয়েকটি ধাপে নির্বাচন করছি। স্কুল-কলেজের পরীক্ষা, খেলা ও মেলা এর উল্লেখযোগ্য কারণ।
প্রার্থীদের আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের ঘটনা সঠিক নয়। এটা কাকতালীয় হতে পারে। যদি হয়ে থাকে এটা আইনশৃঙ্খলা বাহিনীর নিজস্ব ব্যাপার।
ভোটগ্রহণে সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে আবু হাফিজ বলেন, নির্বাচনে সেনাবাহিনী নির্বাচনী কর্মকর্তাদের ব্যাপক সহযোগিতা করছে।
