Skip to content

জাতীয় সংগীতে হানিফের অনীহা!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সংসদ ভবনের এই প্রথমবারের মতো গাওয়া হলো জাতীয় সংগীত। গাইলেন সংসদ সদস্যরা। যদিও এটা একটা মহড়া। কিন্তু এ মহড়ায় জাতীয় সংগীত গাইতে নিজের অনীহা খুব স্পষ্টভাবেই প্রকাশ করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

‘আজকের মতো শেষ করেন, আর পারছি না’- শুরুতেই মহড়া সংক্ষিপ্ত করার জন্য এভাবেই তাগাদা দেন তিনি। এছাড়া মহড়া চলাকালীন কয়েক দফা ‘দ্রুত শেষ’ করার দাবিও তোলেন।

বুধবার বিকেল পৌনে ৫টায় সংসদের দক্ষিণ প্লাজায় ২৬ মার্চকে সামনে রেখে সংসদ সদস্যদের জন্য জাতীয় সংগীতের মহড়া শুরু হয়। এতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রীসহ মোট ১১১ জন সংসদ সদস্য অংশ নেন।

মহড়ার শুরুতে নির্দেশক বিশিষ্ট সংগীতশিল্পী মিতা হক সবার উদ্দেশে বলেন, ‘আমরা কয়েকবার করে জাতীয় সংগীত গাইবো।’ ঠিক তখনই আপত্তি তোলেন হানিফ। পাল্টা তিনি বলেন, ‘কয়েকবার দরকার নেই, একবারেই হয়ে যাবে।’

মহড়ায় কয়েকবার করে জাতীয় সংগীতের প্রথমাংশ অনুশীলন করান মিতা হক। এ সময় অনেক সংসদ সদস্য বেশ আন্তরিকতার সঙ্গে অনুশীলন করলেও হানিফকে মুখে বিরক্তিভাব নিয়ে দায়সারাভাবে ঠোঁট মেলাতে দেখা যায়। অনুশীলনের পুরো সময়ের বেশিরভাগ তিনি চুপ করে দাঁড়িয়ে ছিলেন।

মহড়ার শেষ দিকে মিতা হক হারমোনিয়াম ছেড়ে সংসদ সদস্যদের সামনে এসে দাঁড়ান। তিনি বলেন, ‘আমরা আরও কয়েকবার সবাই গানটি গাইবো। গান গানের মতো না গাইলে সেটা গান হয় না।’ তার এমন আবেদনের পরেই হানিফ বেশ উচ্চস্বরে বলে উঠলেন, ‘হয়েছে। আজকের মতো শেষ করেন, আর পারছি না।’

মিতা হক তার এমন কথায় পাত্তা না দিয়ে নিজের মতোই অনুশীলন শেষ করান। পৌনে ৫টায় এ মহড়া শুরু হয়ে ২৫ মিনিট চলে।

অনুশীলনের সময় দেখা যায় বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান পুরো অনুশীলনে বেশ আন্তরিকতার সঙ্গে গলা মেলান। দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়ায় তিনি একবার চেয়ার এনে বসে বসে অনুশীলনে অংশ নেন। এছাড়া নারায়ণগঞ্জের দাপুটে এমপি শামীম ওসমান এ আরও কিছুক্ষণ চালিয়ে নেয়ার অনুরোধ জানান। বাংলামেইল

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫