Skip to content

জিয়া হত্যার নায়ক এরশাদ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেছেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার নায়ক।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে ‘দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বেআইনি চার্জ গঠনের প্রতিবাদে নাগরিক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।

জয়নুল আবদিন ফারুক বলেন, জিয়াউর রহমানকে এরশাদই হত্যা করেছে। এই খুনিদের নিয়ে সরকার আজ ক্ষমতায় আছে। সংসদে এরশাদের জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসিয়েছে। এসব গর্হিত কাজের জন্য সরকারকে একদিন জনগণের আদালতে জবাব দিতে হবে।

তিনি বলেন, সরকার নিজেদের দাবি করে তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। সত্যিকার অর্থেই তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হলে খুনি, স্বৈরাচারী এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বানাতেন না।

উপজেলা নির্বাচনের ব্যাপারে ফারুক বলেন, নির্বাচনের আসল দৃশ্য সব জাতীয় সংবাদ পত্রগুলোতে এসেছে। সরকারের পক্ষ থেকে যতোই বলা হোক নির্বাচন সুষ্ঠু হয়েছে জনগণের কাছে তা মিথ্যাচারে পরিণত হবে। সত্যটা মানুষ জেনে গেছে।

তিনি বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বেগম জিয়া ও যুবসমাজের অহঙ্কার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার চার্জ গঠন করে হয়রানি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা না হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন। উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষকদলের কেন্দ্রীয় নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫