বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঢাকা মেট্রোপলিটন এলাকায় পোশাক পরা অবস্থায় পুলিশ সদস্যদের প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করার বিষয়ে নির্দেশ জারি করার কথা বলেছেন ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। তিনি নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এই নগরবাসীর কাছে যখন সহযোগিতা চেয়েছি, তখনই তারা সেই সহযোগিতা করেছে। মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও নাগরিকরা সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ডিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত সভায় তামাকজাত পণ্য ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের সহযোগিতার বিষয় নিয়ে কোয়ালিশন এগেইনস্ট টোব্যাকোর (ক্যাট) আলোচনা সভায় ডিএমপি কমিশনার বেনজির আহমেদ এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, ডিএমপি পুলিশি কর্মকাণ্ডের বাইরেও অনেক জনসচেতনতামূলক কাজ করে থাকে। ধূমপান ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। রাজধানীতে ফেনসিডিলের আখড়া নেই। ইয়াবা মিয়ানমারে উৎপাদিত হলেও সেখানকার অধিবাসীরা তা সেবন করে না। ফেনসিডিল সীমান্তবর্তী ভারতের কারখানায় উৎপাদিত হলেও তারা তা সেবন করে না।
অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাট সভাপতি আলী নিয়ামত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. আলতাফ মাহমুদ, অতিরিক্ত. কমিশনার আবদুল জলিল মণ্ডল, আবদুল জলিল, মিলি বিশ্বাস, শেখ মারুফ হাসান ও ইব্রাহীম ফাতেমী। ক্যাটের পক্ষে বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য (এমপি) আশরাফ উদ্দিন খান ইমু, সিরাজুম মুনির, কামরুজ্জামান জিয়া প্রমুখ।
