স্টাফ রিপোর্টার ॥ ছবিসহ ২০১৪-১৫ সালের ভোটারতালিকা হালনাগাদে ভোটার নিবন্ধন ফর্ম সংশোধন করছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় ভোটার আগে অন্য কোথাও ভোটার হয়নি এ মর্মে শপথ করতে হবে। এরপরই মিলবে ভোটার হওয়ার সুযোগ।
সংশোধিত নিবন্ধন ফর্ম থেকে জানা যায়, ভোটারতালিকা বিধিমালায় দুটো পরিবর্তন আনা হয়েছে। একটা নিরাপত্তার নিশ্চিত, অন্যটি ভূয়া ভোটার বন্ধ। ভোটারতালিকা হালনাগাদ বিধিমালায় ৩৩ নম্বর বিধি সংশোধনের প্রস্তাব করে ইসি এই নতুন বিধানটি যুক্ত করছে।
ফর্ম থেকে আরো জানা যায়, কোনো ব্যক্তি ভোটার হতে চাইলে তাকে স্বাক্ষর ও টিপসইসহ অঙ্গীকার নামা দিতে হবে। আগ্রহী প্রার্থীর অঙ্গীকারে বলতে হবে, ‘আমি শপথ করে বলছি যে, আমি বাংলাদেশের নাগরিক এবং অত্র ফরমে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য। আমি অন্য কোনো ভোটার এলাকার ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভূক্তির জন্য নিবন্ধন ফরম পূরণ করিনি।‘
এরআগে ৩৩ নম্বরে বিধিতে উল্লেখ ছিল যে, আমি বাংলাদেশের নাগরিক এবং ক্রমিক নম্বর ১ থেকে ৩২ পর্যন্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য।
নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘এ ভোটার নিবন্ধন ফর্মে মিথ্যা তথ্য দিয়ে নতুন করে দ্বৈত ভোটার হতে চাইলে তার বিরুদ্ধে মামলা করা সহজ হবে।’
আগামী ১৫ মে থেকে শুরু হয়ে ১৫ জুন ও ১ সেপ্টেম্বর তিন পর্বে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলবে। এবার ৪৬ লাখ নতুন ভোটার হতে পারে।
এদিকে হালনাগাদের সময় ঘনিয়ে আসলেও এখন পর্যন্ত হালানাগাদের জন্য নিবন্ধন ফরম ছাপাতে পারেনি নির্বাচন কমিশন। এছাড়া মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ শেষ করতে পারেনি।
তবে দুএকদিনের মধ্যে সবপ্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন।
তাদের দাবি, মাঠ পর্যায়ের কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে ঠিক সময়েই হালনাগাদের কাজ শুরু হবে।
ওই কর্মকর্তা বলেন, ‘মিলিটারি প্রিন্টিং প্রেসে একদিনে প্রয়োজনীয় এ ফর্ম ছাপানো সম্ভব হবে। তাই আশা করছি, নির্ধারিত দিনেই হালনাগাদের কাজ শুরু হবে।’
প্রসঙ্গত, আগামী ১৫ মে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ মানিকগঞ্জে শিবালয় উপজেলা ভোটারতালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
