জেলা প্রতিনিধি, যশোর ॥ নারায়নগঞ্জের সাত খুন মামলার এক নম্বর আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ ও তার দোকানের সাবেক কর্মচারী কামাল হোসেন (৩৮) নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে পুলিশ পরিচয়ে বেনাপোলের দুর্গাপুর রোডের বাদশার দোকানের সামনে থেকে আটক করা হলেও তার খোঁজ মিলছে না।
নিখোঁজ কামাল হোসেন যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা। তিনি দুমাস আগে নারায়ণগঞ্জের নুর হোসেনের দোকান থেকে চাকরি ছেড়েছে বলে পরিবারের পক্ষ থেকে এ প্রতিবেদককে জানানো হয়েছে।
তার স্ত্রী হেনা খাতুন জানান, বৃহস্পতিবার বিকালে আসরের নামাজের পর কামাল হোসেন বাড়ি থেকে বের হয়ে বেনাপোলে যায়। সেখানে থেকে ফোনে কথাও হয়। এর কিছুক্ষণ পর দুর্গাপুর রোডের বাদশার দোকানের সামনে থেকে বেনাপোল পোর্ট থানার দারাগা প্রকাশ তাকে গ্রেপ্তার করে বলে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি জেনেছেন। পরে দারোগা প্রকাশ ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ফোন করলে কামালের আটকের কথা অস্বীকার করে। বিভিন্ন মাধ্যম দিয়েও পুলিশের কাছে আটকের তথ্য জানতে চাইলে কামাল নামে কাউকে আটক করা হয়নি বলে জানানো হয়। বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।
হেনা খাতুন আরও জানান, তার স্বামী নারায়নগঞ্জের নূর হোসেনের দোকানে চাকরি করতেন। মাস দুয়েক আগে চাকরি ছেড়েছেন।
এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন বলেন, ‘বাদশা নামে কেউ আটক হওয়ার তথ্য তার জানা নেই।’
তবে পুলিশের এ কর্মকর্তাকে পুরো বিষয়টি অবহিত করলে তিনি খবর নিচ্ছেন বলে জানান।
