বাংলাভূমি২৪ ডেস্ক ॥
র্যাবকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’ এর কড়া সমালোচনা করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার সকালে ডিএমপি নিউজ পোর্টালে ‘এবার অর্থ আত্মসাতে ১৮ র্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপরই দেশের গণমাধ্যমগুলোতে এই সংবাদ ছড়িয়ে পড়ে। যদিও প্রতিবেদনটি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নজরে আসলে সঙ্গে সঙ্গে তা মুছে ফেলা হয়।
এরপর র্যাবের পক্ষ থেকেও গণমাধ্যমকে জানানো হয় র্যাব-৩ থেকে কোনো সদস্যকেই প্রত্যাহার করা হয়নি। তাদের প্রধান কার্যালয় সংযুক্ত করা হয়েছে।
ইতোমধ্যে ‘ডিএমপি নিউজে’ প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ পাঠিয়েছে র্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং।
প্রতিবাদে ডিএমপি নিউজে প্রকাশিত প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক ও বানোয়াট বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, একটি সরকারি সংস্থা তথা স্বনামধন্য ও সুনামধন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে অপর একটি বাহিনী সদস্যদের জড়িয়ে নির্লজ্জ মিথ্যাচার বাহিনী সমূহের ভাবমূর্তি ও সদস্যদের মনোবল ক্ষুণ্ণ করে। একই সঙ্গে কর্মস্পৃহাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
এছাড়া এলিট ফোর্স র্যাবে সবসময় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয় বলেও প্রতিবাদে দাবি করা হয়।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক
