Skip to content

পানি ও স্যানিটেশন খাতে বাজেট বরাদ্দ হ্রাস পাচ্ছে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
পানি ও স্যানিটেশন খাতে বাজেট বরাদ্দ গত চার বছর ধরে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের (এইচডিআরসি) প্রধান উপদেষ্টা ড. আবুল বারাকাত।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওয়াটার এইড ও এইচডিআরসি যৌথভাবে ‘জাতীয় বাজেট ২০১৪-১৫ : পানি ও স্যানিটেশন খাতে বিনিয়োগের ন্যায্যতা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ড. আবুল বারাকাত বলেন, ‘বাংলাদেশ সরকারের বিগত সাত অর্থবছরের বাজেট পর্যালোচনায় দেখা গেছে পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দ গত চার বছর ধরে ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। যা খুবই উদ্বেগজনক। জাতীয় বাজেটে পানি ও স্যানিটেশন খাতে ২০১০-১১ অর্থবছরে বিনিয়োগ মোট বাজেটের ২.৪ শতাংশ থাকলেও বর্তমান অর্থবছরে তা কমে ১.২ শতাংশে দাঁড়িয়েছে। তার ওপর গত পাঁচ বছরে পানি ও স্যানিটেশন খাতে সারাদেশে সাম্যভিত্তিক বাজেট বরাদ্দ দেওয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘চলতি বছরে পানি ও স্যানিটেশন খাতে শহর ও গ্রামের বিনিয়োগ বৈষম্য কিছুটা কমলেও তা এখনও সমতায় আসেনি। বর্তমানে শহর ও গ্রামের বিনিয়োগের অনুপাত ৬৯:৩১।’
তিনি বলেন, ‘বাজেট বরাদ্দের ক্ষেত্রে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে উপকূলীয় এলাকা। এখানে বরাদ্দের হার শহরাঞ্চলের মাথাপিছু বরাদ্দের এক-পঞ্চমাংশ। চর, হাওর, উপকূলীয় অঞ্চল ও পাহাড়ি এলাকার মত প্রত্যন্ত অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে এ খাতের নীতি নির্ধারকরা তেমন একটা মনোযোগী নন। গত পাঁচ বছরে পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দের অধিকাংশই ছিল বড় বড় শহরকেন্দ্রিক।’
উপকূলীয় অঞ্চলে সুপেয় পানিতে ক্রমান্বয়ে লবণাক্ততা বাড়লেও এক্ষেত্রে সরকারি বিনিয়োগ স্থবির বলে অভিযোগ করেন তিনি।
এ সময় ওয়াটার এইড বাংলাদেশের দেশীয় প্রতিনিধি ডা. মো. খায়রুল ইসলাম উপকূলীয় অঞ্চলে পানি ও স্যানিটেশন খাতে বরাদ্দ বাড়ানোসহ দুর্গম এলাকায় এ ব্যবস্থার উন্নয়ন কৌশলপত্র ২০১২ বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়নের উপর জোর দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে অর্থনৈতিক সামর্থের দিকে লক্ষ্য রেখে পানি ও স্যানিটেশনের জন্য বাজেটে ন্যায্য বণ্টনেরও আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ অভিজিৎ পোদ্দার ও মো. আব্দুল্লাহ, ওয়াটার এইডের নীতি নির্ধারণ ও অ্যাডভোকেসি বিষয়ক পরিচালক, সরদার আরিফ উদ্দিন এবং ওয়াটার এইডের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫