বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ভবন ঘেঁষে যাওয়া গ্যাস লাইনে বিস্ফোরণে রাজধানীর কল্যাণপুরের বহুতল ভবন মিজান টাওয়ার কেঁপে উঠেছিল বুধবার সন্ধ্যায়।
এতে ভবনের নিচতলার দুটি দোকান ক্ষতিগ্রস্ত এবং চার থেকে পাঁচজন আহত হয়েছে বলে অগ্নিনির্বাপক বাহিনী। ভবনটি হেলে পড়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি তারা।
সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণের শব্দে ভবনটি কেঁপে ওঠে বলে জানান দ্বিতীয় তলায় থাকা অ্যাডভোটেক শামীম সরদারের চেম্বারের সহকারী মুজাহিদ হোসেন।
তিনি বলেন, “হঠাৎ বিস্ফোরণে শব্দ শুনি। ভবন এসময় কেঁপে ওঠে। নিচতলায় দেয়াল, পিলার এবং মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু অংশ গর্ত হয়ে যায়।”
এ সময় দুটি দোকানের জিনিসপত্র ছিটকে বাইরে গিয়ে পড়ে এবং এতে দোকানের কর্মচারীসহ চার-পাঁচজন আহত হন বলে জানান মুজাহিদ।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা সেখানে যায়। তবে কোনো ধরনের অগ্নিকাণ্ড সেখানে ঘটেনি।
বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা নাজমা আকতার বলেন, “নিচতলায় ম্যানহোল ঘেঁষে গ্যাস লাইন গেছে। এই গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে।”
এদিকে এই ঘটনার পর ভবন হেলে পড়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন তলার বাসিন্দারা ভবন ছাড়তে শুরু করে।
ভবনটি হেলে পড়েছে কি না- জানতে চাইলে নাজমা বলেন, “এটা পরীক্ষা না করে বলা যাবে না।”
১২ তলাবিশিষ্ট মিজান টাওয়ারের নিচের কয়েকটি তলায় দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, ওপরে আবাসিক ফ্ল্যাট। বিস্ফোরণের পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম
