Skip to content

মহেশপুরে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের হাওলাদারপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে রিপন মিয়া (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি মহেশপুর উপজেলার সরিষাঘাটা গ্রামের রায়হান উদ্দীনের ছেলে।

মঙ্গলবার ভোরে মহেশপুরের শ্রীনাথপুর সীমান্তের ৬১ নং মেইন পিলারের ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৌঁছালে হালদাপাড়া নামকস্থানে রিপনকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির শ্রীনাথপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার আব্দুল হালিম বাংলানিউজকে জানান, বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মারা যান রিপন।

এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নিহত রিপন গরু ব্যবসায়ী বলে বিজিবি জানায়। রিপনের লাশ শ্রীনাথপুর ক্যাম্পে রাখা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাহজাহান আলী বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম হাওলাদারপাড়ার মাঠে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে সহযোগীদের সঙ্গে ভারত থেকে গরু আনতে গিয়ে বিএসএফ’র গুলিতে রিপন মারা গেছে বলে গ্রামবাসী তাকে জানিয়েছেন।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড বাংলাদেশের পরিচালন লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫