Skip to content

শাকিবের বিরুদ্ধে মানহানির মামলা করবেন অনন্ত!

বিনোদন ডেস্ক ॥ চলচ্চিত্রের আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে কটূক্তি করায় আরেক নায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন অনন্ত।

এই মুহূর্তে তিনি ‘মোস্টওয়েলকাম-২’ ছবির প্রচারণার কাজে আমেরিকায় অবস্থান করছেন। ওখান থেকেই মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।গত ৬ জুলাই একটি জাতীয় দৈনিক পত্রিকায় শাকিব খান এক সাক্ষাৎকারে অনন্ত জলিলের বিরুদ্ধে নানা ধরনের বাজে কথা বলেন এবং তাকে ‘পাগল’ বলে মন্তব্য করেন।
বিষয়টি আমেরিকায় অবস্থান করা অনন্তের দৃষ্টিগোচর হলে তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
অনন্ত বলেন, ‘আমি সবসময় প্রিন্ট কিংবা টিভি মিডিয়ায় সব ধরনের সাক্ষাৎকারে শাকিবকে একজন লক্ষ্মী ছেলে হিসেবেই মন্তব্য করেছি। কিছুদিন আগে একটি টিভি সাক্ষাৎকারে উপস্থাপকের প্রাসঙ্গিক প্রশ্নের উত্তরে আমি বলেছি, শাকিব যেহেতু প্রথমবারের মতো প্রযোজনায় এসেছে তাই আমি আশা করব, তার ছবিটি দর্শকরা দেখুক। ছবি ভালো চললে চলচ্চিত্রের উন্নতি হবে। তার জন্য শুভ কামনা জানাচ্ছি।’
পত্রিকার সাক্ষাৎকারে শাকিব খান বলেছেন, ‘টম ক্রুজকে চ্যালেঞ্জ করেন অনন্ত, আর শাহরুখ খানকে নাকি নায়কই মনে করেন না।’
এ প্রসঙ্গে অনন্ত জানান, ‘এ ধরনের কথা আমি কখনোই কোথাও বলিনি। টম ক্রুজ আমার আদর্শ। শাহরুখ খানের অভিনয়, স্টাইল- সবকিছুই আমার ভালো লাগে। তাহলে আদর্শ এবং ভালো লাগার মানুষগুলোর বিরুদ্ধে আমি কোন দুঃখে অমন কথা বলতে যাব?’
তিনি বলেন, ‘শাকিব যদি এসব বাজে মন্তব্যের প্রমাণ করতে না পারে তাহলে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। অন্যদিকে যে পত্রিকায় এসব লিখেছে তাদেরও বিষয়টি প্রমাণ করতে হবে। চলচ্চিত্রের বাইরেও ব্যবসায়ী হিসেবে দেশ-বিদেশে আমার সুনাম রয়েছে। আমার এই সুনাম ক্ষুণ্ন করার জন্য যারাই চেষ্টা করুন না কেন, সবাইকে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাব।’
জানা গেছে, এরইমধ্যে অনন্ত তার আইনজীবীর মাধ্যমে শাকিবের কাছে এর জবাবদিহিতার জন্য উকিল নোটিশ পাঠানোর প্রস্তুতি নিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫