Skip to content

আনন্দে ভাসছে বার্লিন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ জার্মানির বিশ্বকাপ জয়ে গতকাল বার্লিন ভাসল আনন্দের বন্যায় ষ ‘উই আর দ্য চ্যাম্পিয়ন, উই আর দ্য চ্যাম্পিয়ন’ গান আর স্লোগানে মুখরিত পুরো ব্রান্ডেনবুর্গ গেট। সকাল থেকেই লাখো মানুষের ঢল। গতকাল মঙ্গলবার সকালে ওপেন ডেটা নিয়ে একটি সেমিনার ছিল। সেটি শেষ করে ব্রান্ডেনবুর্গ গেটে যাওয়ার ট্যাক্সি খুঁজতে থাকি। কেউই যেতে চায় না। সবার মুখেই একই কথা, ওখানে জড়ো হচ্ছে আজ লাখো মানুষ। যাওয়া যাবে না। অগত্যা হেঁটেই রওনা দিই। ৪০ মিনিটের পথ হাঁটার পর ব্রান্ডেনবুর্গ গেট যতই কাছে আসছিল, উত্তাপ যেন ততই বাড়ছিল! বানের জলের মতো ধেয়ে আসছে মানুষের স্রোত। চারদিকে উল্লাসের বজ্রধ্বনি।

গতকাল বাংলাদেশি সময় বেলা দুইটায় বিশ্বকাপজয়ী জার্মান দল বহনকারী বিমান বার্লিনের ট্যাগেল বিমানবন্দরে অবতরণ করে। লুফৎহানসার বোয়িং-৭৪৭ বিমানে করে বার্লিন আসে জার্মান দল। বিশেষ দিনে লুফৎহানসাও বিশ্বকাপজয়ী জার্মান দলের ফ্যান, অর্থাৎ ভক্ত। তাই বিমানের নামের জায়গায় লুফৎহানসা নয়, লেখা ছিল ফ্যানহানসা! সেখান থেকে খোলা বাসে করে বিমানবন্দরে অপেক্ষারত সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়ে পুরো বিজয়ী দল চলে আসে ব্রান্ডেনবুর্গ গেটে। বাসে বিজয়ীদের পরিয়ে দেওয়া হয় কালো টি-শার্ট। বিশ্বকাপ জয়ের স্মারক এই টি-শার্টগুলোর গায়ে লেখা ছিল ‘১’। অর্থাৎ সবাই এক নম্বর!
উৎসব, উৎসব আর উৎসব। স্লোগান, গান। জার্সি, পতাকা, মালা, হ্যাট-ক্যাপ পরিহিত সমর্থকেরা বিশাল শোভাযাত্রা নিয়ে জমায়েত হয়েছেন উৎসবস্থলে। মঞ্চে উঠল বিশ্বকাপজয়ী জার্মান দল। মুহূর্তেই গগনবিদারী স্লোগানে কেঁপে উঠল চারদিক। উৎসব ছড়িয়ে পড়েছে পুরো প্রাঙ্গণ ছাড়িয়ে আকাশে-বাতাসে। চলতে থাকে গান ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’। মঞ্চ সাজানো হয় বিশ্বকাপের একটি ফুটবল এক পাশে রেখে। বড় মঞ্চের দুই পাশে টানানো দুটি কাপড়ে লেখা রয়েছে ’৫৪, ’৭৪, ’৯০, ’১৪! আর প্রতি সালের সঙ্গে একটি করে তারকা! যে চার বছর বিশ্বকাপের ট্রফি জিতেছে জার্মানি, সেই সালগুলোই আরেকবার মনে করিয়ে দিতেই এই মঞ্চসজ্জা।
বিজয়ী খেলোয়াড়েরা মঞ্চ থেকে অভিনন্দনের জবাবে সবার উদ্দেশে হাত দোলালেন। এরপর শুরু হয় কনসার্ট। তখনো আনন্দে ভাসছে পুরো উৎসব এলাকা। কেউ এসেছেন দেশের পতাকা শরীরে জড়িয়ে, কারও গায়ে জার্মানির জার্সি, গলায় মালা পরে এসেছেন কেউ, কারও মাথায় জার্মানি পতাকার টুপি। শুধু কি তাই, নিজের ব্যক্তিগত গাড়ি, সাইকেল ও মোটরসাইকেলকেও সাজিয়ে বিজয়ী জার্মানি দলকে অভিনন্দন জানাতে এসেছেন সমর্থকেরা। তুমুল ভিড়ের মধ্যেই কথা হয় ব্রিয়েট্রিক ও মার্টিনি নামের এক দম্পতির সঙ্গে। দলের জয়ে উল্লসিত। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে। সবার গায়েই জার্মানির জার্সি। পরিচয় দিয়ে জানতে চাইলাম, এমন জয়ের অনুভূতি কেমন? জার্মানির বনে বসবাসকারী এই দম্পতি জানালেন, ‘বনে না গিয়ে আমরা বার্লিন চলে এসেছি দলের সঙ্গে জয় উদ্যাপন করতে। সত্যিই দারুণ লাগছে।’ এ সংবাদ লেখার সময়ও চলছিল উদ্যাপন আনন্দ। মূল ভেন্যুর বাইরেও বেশ কয়েকটি ব্যান্ড দল আসর জমিয়েছে। ‘ওলে, ওলে, ওলা’ কিংবা ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’ গানের সঙ্গে কণ্ঠ মেলানো আর চলছে নাচানাচি। চারদিকেই শুধুই আনন্দ আর আনন্দ।
গত সোমবার টেলিভিশনে খেলা দেখে যখন শাহজালাল বিমানবন্দরে বিমানে উঠছিলাম, তখন দেখা হয় জার্মানি ফুটবল দলের জার্সি গায়ে একদল সমর্থকের সঙ্গে। ‘অভিনন্দন’ বলে হাত বাড়িয়ে দিতেই একজন জড়িয়ে ধরলেন! গালভরা হাসি দিয়ে বিশুদ্ধ বাংলায় বললেন, ‘ধন্যবাদ’! জার্মানির এই শিক্ষার্থীর দলটি বাংলাদেশে এসেছিল কিছুদিন আগে। দলের আরেকজন বললেন, দলের সঙ্গে বিশ্বকাপ ট্রপি জয়ের আনন্দটা উদ্যাপনের জন্য অপেক্ষা সহ্য হচ্ছে না! জার্মানির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জার্মানির ফুটবল ফেডারেশন এ বিজয় উদ্যাপন করতে বেছে নিয়েছে বার্লিনকে। দলের খেলা দেখতে ব্রাজিলে উড়ে গিয়েছিলেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। দল জেতার পর বিজয়ী দলের সদস্যদের সঙ্গে ট্রফিসহ ছবিও তুলেছেন তিনি।
একটানা আট ঘণ্টার ভ্রমণ শেষে পথে ট্রানজিটে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছাই। বিমানবন্দর থেকে শুরু করে রাস্তাঘাট, শপিং মল, ট্রেন, স্টেশন—সবখানেই এখন বিশ্বকাপ জয়ের আনন্দে আত্মহারা হয়ে আছে জার্মানিরা। ১৯৯০ সাল থেকে দুবার কোয়ার্টার ফাইনাল, দুবার সেমিফাইনাল আর একবার ফাইনাল খেললেও বিশ্বজয়ের মূল ট্রফি পাওয়া হয়নি জার্মানি দলের। এবার সেটি পূর্ণ হওয়ায় আনন্দের মাত্রাটা একটু বেশিই। এমনিতেই ফাইনালের আগেই দেদার বিক্রি হয়েছে জার্মানি দলের দুই ধরনের জার্সি। বিশ্বকাপ জেতার পর এই মাত্রা যেন আরও বেড়েছে। ভিড় লেগেই আছে জার্সির দোকানগুলোতে।
বিমানবন্দরে নেমেই টের পাওয়া গেল বিশ্বকাপের উত্তাপ! জার্সি পরিহিত একদল কর্মী স্বাগত জানাচ্ছিলেন যাত্রীদের। তাঁদের চলন-বলন, আপাদমস্তক এখন উচ্ছ্বাসময়। হোটেলে যেতে যেতে চোখে পড়ল জার্মানির পতাকা আর পতাকা। জার্মানির জার্সি পরে দল বেঁধে ঘুরছেন সমর্থকেরা।
সবখানেই বইছে আনন্দের ফোয়ারা। হোটেলে পৌঁছতেই স্বাগত জানালেন হোটেলকর্মীরা। হোটেলজুড়েই বিশ্বকাপ বিজয়ের আবহ। এখন উৎসব আর আনন্দে ভাসছে বার্লিন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫