Skip to content

২৬ জুলাই থেকে ঈদ স্পেশাল লঞ্চ সার্ভিস

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৬ জুলাই থেকে লঞ্চে ঈদ স্পেশাল সার্ভিস চালু হচ্ছে। এবার ঈদে যাত্রীদের নিরাপদে যাত্রার জন্য আরো ১৬টি নতুন লঞ্চ নামানো হবে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ।
রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ঈদ উপলক্ষে সুষ্ঠু ও নিরাপদ নৌ পরিবহণ ব্যবস্থা বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে ঢাকা-বরিশাল নৌরুটে তৃতীয় শ্রেণীর যাত্রীদের ১০ শতাংশ ভাড়া কম নেয়ার ঘোষণা দিয়েছে লঞ্চ মালিক সমিতি।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ড. শামছুদ্দোহা খন্দকার বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-বরিশাল নৌরুটে তৃতীয় শ্রেণীর যাত্রীদের ১০ শতাংশ ভাড়া কম নেয়া হবে। ফলে ঢাকা-বরিশাল রুটের যাত্রীরা ২৫ টাকা কমে ২৩০ টাকা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। ২৫ জুলাই থেকে এ ভাড়া কার্যকর হবে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান জানান, আগামী ২৬ জুলাই থেকে স্পেশাল লঞ্চ সার্ভিস চালু হয়ে ৫ আগস্ট পর্যন্ত চলবে। নতুন ১৬টি লঞ্চ নামানো হলে ১০ হাজার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে।
তিনি জানান, এবার সদরঘাট নৌরুট দিয়ে প্রায় তিন কোটি মানুষ যাতায়াত করবেন। ২৮ জুলাই থেকে লঞ্চের রোটেশন শিডিউল স্থগিত করে উন্মুক্ত করে দেয়া হবে। তখন মালিকরা ইচ্ছে করলে নির্ধারিত বেশি লঞ্চ যে কোন রুটে চালাতে পারবেন।
মাওয়া-বরিশাল, পাটুরিয়া-দৌলতদিয়া ও কিশোরগঞ্জে চারটি উদ্ধারকারী জাহাজ রাখা হয়েছে। ঈদ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে তিনি জানান।
সভায় অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ, নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলমসহ বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, পুলিশ, কোস্টগার্ড, লঞ্চ মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫