Skip to content

“ব্যর্থতার আগুনে সবাইকে পোড়াতে চাচ্ছে একটি দল”

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে না পেরে একটি দল নিজের ব্যর্থতার আগুনে সবাইকে পোড়াতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার লন্ডনের প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ইফতার পূর্ব এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, কোনো দল যদি নির্বাচন না করে মনে করে যে নির্বাচন ঠেকাবে এবং নির্বাচন ঠেকাতেও যদি ব্যর্থ হয়, আন্দোলন করতেও যদি ব্যর্থ হয় সে দায় তো বাংলাদেশের জনগণের না। সে দায় তো আমাদের না।
তিনি বলেন, আগামী সাড়ে ৪ বছরে বিরোধীদের বাধা সত্ত্বেও যে কাজ হাতে নেয়া হয়েছে তা শেষ করা হবে। বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে এবং দেশ এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে তার সরকারে অভাবনীয় সাফল্য থাকলেও কয়েকটি রাজনৈতিক দল নানাভাবে চেষ্টা করছে এই উন্নয়নে বাধা সৃষ্টি করতে।
তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে একটা চরম ষড়যন্ত্র হয়েছে। আপনারা জানেন কারা ষড়যন্ত্র করেছিল। আল্লাহর রহমতে নিজেদের অর্থায়নে আমরা পদ্মা সেতু নির্মাণ করছি।
প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেট তিনগুণ বৃদ্ধি করা হয়েছে।
তিনি দেশকে পিছিয়ে দিতে মহল বিশেষের ষড়যন্ত্রের বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী জানান, ভিসা সমস্যা সমাধানের পাশাপাশি বাংলাদেশে সকল উন্নয়ন সহায়তা অব্যাহত রাখার বিষয়ে ব্রিটিশ সরকার একমত হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও ইফতারে অংশ নেন।
আলোচনা সভা শেষে যুক্তরাজ্য ছাত্রলীগের একটি ওয়েবসাইট উদ্বোধন করেন শেখ হাসিনা। এ সময় যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ ও সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫