বাংলাভূমি২৪ ডেস্ক ॥ কুয়েত যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কুয়েত সিটির সন্ত্রাসী কিং (তেজারি গ্রুপ)-এর হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার কুয়েত সিটির গুলশান হোটেলে যুবদলের একাংশের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইফতার মাহফিলে জায়গা দেওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মচারীদের সঙ্গে দলের নেতাকর্মীদের হট্রগোল বাধে। এ সময় বিএনপি’র একাংশের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবলু হোটেল কর্মচারী মহাব্বতকে মারধর করে। এর প্রতিবাদে হোটেলের কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন।
পরে কর্মচারীরা কুয়েত সিটির সন্ত্রাসী কিংদের ডেকে আনলে তারা রাজধানী মুরগাবে গুলশান হোটেলের সামনে যুবদল ও বিএনপি নেতাদের অকত্য ভাষায় গালাগালি করতে থাকেন। এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি শুরু হয়।
হাতাহাতির দৃশ্য ক্যামেরায় ধারণ করায় একুশে টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনের ওপর হামলা চালায় তেজারি গ্রুপের প্রধান বলে পরিচিত সাহাব উদ্দিনসহ এক দল সন্ত্রাসী।
কিন্তু উপস্থিত প্রবাসীদের প্রতিবাদে ক্যামেরা ছিনিয়ে নিতে ব্যর্থ হন সাহাব উদ্দিন। পরে ওই প্রতিনিধিকে দেশে পাঠানোর হুমকি দিয়ে পালিয়ে যান তিনি।
কুয়েতের কিছু অসাধু কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সময় নেশা জাতীয় দ্রব্য দিয়ে সাধারণ প্রবাসীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে দেশে পাঠিয়ে দেয় তেজারী গ্রুপ। আর টাকার বিনিময়ে ওদের মাধ্যমে যে কোন প্রবাসিকে দেশে পাঠাতে তাদেরকে ব্যবহার করে অনেকে। এই বিষয়ে বিভিন্ন সময় কুয়েত প্রবাসি কমিউনিটির নেতৃবৃন্দ কুয়েতস্থ বাংলাদেশ দুতাবাসকে অবহিত করেন বলেও জানা যায়।
