Skip to content

রোনালদোর নামে মামলা

স্পোর্টস ডেস্ক ॥ ক্রিস্টিয়ানো রোনালদোআপনি জানেন। আপনার বন্ধুটি জানে। জানে সারা ফুটবল বিশ্বই। সিআর-সেভেন একজনই। যেমন একজনই জিরো জিরো সেভেন। ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর-এ তা-ই বোঝায়। সঙ্গে থাকা সেভেন তাঁর জার্সি নম্বর। কিন্তু এই শব্দবন্ধ ব্যবহার করতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো! এমন দাবিতেই যুক্তরাষ্ট্রের আদালতে ঠুকে দেওয়া হয়েছে মামলা।

বাদীপক্ষের যুক্তিও আছে। ক্রিস্টোফার রেনজি নামের যুক্তরাষ্ট্রের এক উদ্যোক্তা পাঁচ বছর আগেই এই নামের পেটেন্ট ও ট্রেডমার্ক নিজের নামে নিবন্ধন করেছেন। সিআর তাঁরও নামের আদ্যক্ষর। আর ৭ অক্টোবর জন্মেছেন বলে সেভেন। সিআর-সেভেন নামে তাঁরও একটা পোশাকের ব্যবসা আছে।
ঝামেলা বেধেছে এখানেই। জেবিএস টেক্সটাইল গ্রুপ নামের ড্যানিশ একটি প্রতিষ্ঠান সিআরসেভেন নামের একটি অন্তর্বাস বাজারে এনেছে। এই অন্তর্বাস তারা যুক্তরাষ্ট্রের বিরাট বাজারেও বিক্রি করতে চায়। তাতেই বেধেছে সমস্যা। জেবিএসের দাবি, সিআরসেভেন ব্র্যান্ডের বিশ্বব্যাপী বিপণনের স্বত্ব কেবল তাদের কাছেই আছে।
শুধু তা-ই নয়, প্রতিষ্ঠানটি এমনও দাবি করেছে, রোনালদোর নামের ওপর ভর করে টু-পাইস কামিয়ে নিতেই যুক্তরাষ্ট্রের সেই ব্যক্তি বুদ্ধি করে আগেভাগে সিআরসেভেনের পেটেন্ট করিয়েছে। যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসের কাছে তারা আবেদনও করেছেন রেনজির নামে বরাদ্দ লাইসেন্সটি বাতিল করার জন্য।
কিন্তু এমন দাবি মানতে নারাজ রেনজি। তিনি বরং দাবি করছেন, আইনি দিক দিয়ে ভিত্তি দুর্বল বলেই উল্টো জেবিএস তাঁকে টাকা সাধছে সিআরসেভেন ব্র্যান্ডটি ছেড়ে দেওয়ার জন্য। রেনজি সম্ভবত এতে রাজিও আছেন। কিন্তু ড্যানিশ প্রতিষ্ঠানটি নাকি তাঁকে ‘খুবই সামান্য’ টাকার প্রস্তাব করেছে।
এদিকে রেনজির আইনজীবী মিকায়েল ফেল্ডহুন স্বীকার করেছেন, সিআরসেভেন কথাটা রোনালদোর কারণেই বিখ্যাত। কিন্তু আইন বলছে, যে এটি প্রথম ব্যবহার করবে, স্বত্বটি তারই। এবং যুক্তরাষ্ট্রে সেই স্বত্ব রেনজির দখলেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫