Skip to content

আজ সারা দেশে গার্মেন্ট শিল্পে ধর্মঘট

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশে আজ ধর্মঘট পালন করবেন গার্মেন্ট শিল্পাঞ্চল শ্রমিকরা। বৃহস্পতিবারের মধ্যে পাঁচ দফা দাবি না মানায় শনিবার সারা দেশে সব গার্মেন্ট শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দেয় তোবা গ্রুপ সংগ্রাম পরিষদ। তোবা কর্মীদের পাঁচ দফা দাবি হলো- শ্রমিকদের বকেয়া বেতন, ওভারটাইম এবং ঈদের বোনাস অবিলম্বে পরিশোধ, তোবা গ্রুপের দেড় হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সব কারখানা সচল রাখা, যে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সরকারিভাবে শারীরিক ও মানসিক ক্ষতিপূরণ নিশ্চিত করা, তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের জামিন বাতিল এবং তাজরীন গার্মেন্টে হতাহত ও নিখোঁজ শ্রমিক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া। শ্রমিক ধর্মঘটের সমর্থনে শুক্রবার গাজীপুরে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

তোবা গ্রুপের শ্রমিকদের ন্যায্য পাওনাসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন শ্রমিক সংগঠন। গতকাল বিকালে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে মহানগরের গাজীপুরা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে সাতাইশ এলাকায় গিয়ে একটি পথসভা করা হয়। সংগঠনের জেলা সভাপতি জিয়াইল কবির খোকন বিক্ষোভ মিছিল শেষে বলেন, তোবা গ্রুপে শ্রমিকদের প্রতি সরকার ও বিজিএমই অন্যায় করছে। তাদের ন্যায্য পাওয়া না দিয়ে উল্টো তাদেরকে পুলিশি নির্যাতনসহ নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে। এ সব নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে শনিবারের ধর্মঘট সফল করতে সব শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অন্যদিকে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে মহানগরের কোনাবাড়ি শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক শ্রমিকদের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়। সংগঠনের পক্ষে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কোনাবাড়ি শাখা যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান হাসানসহ নেতৃবৃন্দ। ঢাকার অদূরে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শুক্রবার বিকালে বিভিন্ন শ্রমিক সংগঠন মিছিল বের করার পর পুলিশ তাদের লাঠিপেটা করেছে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন। ঘটনার পর গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক খায়রুল মামুন সাংবাদিকদের বলেন, তোবা গ্রুপের শ্রমিকসহ এ অঞ্চলের শ্রমিকদের বিভিন্ন সংগত দাবি আদায়ের লক্ষ্যে শনিবার ধর্মঘট আহ্বান করা হয়েছে।
এর সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ কোন কারণ ছাড়াই শ্রমিকদের লাঠিপেটা করে। তবে এসব করে সরকার আন্দোলনকে আরও বেগবান করছে। ১০ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম বলেন, যত বাধাই আসুক না কেন, শনিবারের ধর্মঘট সফল হবেই। সাভার ও আশুলিয়ার পোশাক শ্রমিকরা কোন কাজ করবেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫