Skip to content

ব্রেকআপের পর নতুন প্রেম? জেনে নিন কোন ভুলগুলো মোটেও করবেন না

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রেমের সম্পর্কে জড়ানোর সময় ভালো মানসিকতা সম্পন্ন কেউই ভেবে থাকেন না তার এই সাধের সম্পর্কটির মাঝে আসতে পারে ফাটল। জীবনের প্রয়োজনে ভালোবাসার মানুষটির কাছ থেকে দূরে সরে যেতে হয়। এই দূরে সরে যাওয়াটা অনেক বেশি কষ্টের একটা সময়। কিন্তু এই কষ্টটা ধরে বসে থাকলে তো জীবনে এগিয়ে চলা যায় না। তাই অতীতের স্মৃতি ভুলে অনেকেই চান নতুন একটি সম্পর্কে জড়াতে। জীবনের প্রয়োজনে নিজেকে জড়িয়ে ফেলেন। কিন্তু নতুন সম্পর্কে জড়ানোর সময় কিছু ভুল কাজ বেশিরভাগ মানুষই করে থাকেন। বিশেষ করে ব্রেকআপের পর। কেউ কেউ এই কাজগুলো না বুঝেই করে ফেলেন। আর এতে করে নতুন সম্পর্কে পড়ে প্রভাব, ক্ষতি হয় নিজেরও। তাই সতর্ক থাকুন। এড়িয়ে চলুন এই ভুল কাজগুলো।

খুব দ্রুত সম্পর্কের গভীরে চলে যাওয়া
ব্রেকআপের পর একটি নতুন সম্পর্কে জড়িয়ে খুব দ্রুত সম্পর্কের গভীরে চলে যাবেন না। আগে নিজেকে সামলে উঠতে নেয়ার সময় দিন। এবং নতুন সঙ্গীটিকে বুঝে নিন, তাকেও আপনার সম্পর্কে বোঝার সময় দিন। প্রথমেই সম্পর্ক গভীরে নিয়ে যেতে চাইলে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে যা এই নতুন সম্পর্কের ওপরও ফেলতে পারে প্রভাব। সুতরাং সতর্ক থাকুন।
আগের সম্পর্কের সাথে তুলনা
অনেকেই মনের অজান্তেই আগের যে সম্পর্কটি ছিল তার সাথে নতুন সম্পর্কের তুলনা করতে থাকেন। আগের সম্পর্কে কী হতো, কী না হতো, পুরনো প্রেমিক/প্রেমিকার চাল চলনের সাথে নতুন সম্পর্কের তুলনা করে অনেকেই ভুল করে থাকেন। এতে করে আপনি নতুন সম্পর্কে সঠিক পরিমাণে সময় দিতে পারবেন না এবং সঙ্গীকে বুঝতেও ভুল করতে পারেন। তাই এই কাজটি করবেন না একেবারেই।
কথায় কথায় পুরোনো প্রেমিক/প্রেমিকার উদাহরন দেয়া
আমার এক্স ছিল একেবারেই তোমার মতো, এই যে তুমি যা বললে আমার এক্সও একই ধরণের কথা বলতো, কাজ করতো ইত্যাদি ধরনের উদাহরণ এবং তুলনা নতুন সম্পর্কের প্রেমিক/প্রেমিকার সাথে করা সব চাইতে বড় ভুল কাজ। এতে করে আপনার নতুন সম্পর্কের প্রেমিক/প্রেমিকা আপনার ওপর বিশ্বাস হারাবেন।
পুরোনো প্রেমিক/প্রেমিকার সাথে যোগাযোগ রাখা
ব্রেকআপের পরে নতুন একটি সম্পর্কে জড়িয়ে গেলে কখনোই ভুলেও পুরনো প্রেমিক/প্রেমিকার সাথে যোগাযোগ রাখবেন না। এটি অনেক বড় একটি পিছুটান যা আপনার নতুন সম্পর্কে ফেলবে মারাত্মক প্রভাব। মনে রাখবেন আপনার পুরনো প্রেমিক/প্রেমিকা আপনার বন্ধু নন। সুতরাং তার সাথে যোগাযোগ না রাখাটাই ভালো।
ঘটনার পুনরাবৃত্তির কথা ভেবে ভয় পাওয়া
কথায় বলে ‘চুন খেয়ে যার মুখ পুড়েছে, দই দেখলে সে ভয় পায়’। অর্থাৎ একটি ভুল মানুষের কাছে প্রতারণা পেয়ে এখন সবাইকেই প্রতারক মনে হয়। কিন্তু হাতে পাঁচটি আঙুল যেমন সমান নয় তেমনই সব মানুষও একই মানসিকতার নন। আগের সম্পর্কের মানুষটির কাছে প্রতারণা পেয়ে নতুন সম্পর্কের সঙ্গীটির সাথে খারাপ ভাবে চলার কোনো অর্থ নেই। আপনার নতুন সম্পর্কের মানুষটি খারাপ নাও হতে পারেন। তাই এই কাজটি করবেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫