Skip to content

উদার গণতন্ত্রের নামে আর ছাড় নয়: নাসিম

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ‘একাত্তর ও ৭৫-এর খুনি এবং তাদের দোসরদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। উদার গণতন্ত্রের নামে তাদের অনেক ছাড় দেওয়া হয়েছে। আর কোনো ছাড় দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার দুপুরে ‘আগস্ট বাঙালী জাতির শোকের মাস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। ‘২১ আগস্ট বাংলাদেশ’ নামে একটি সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘তাদের ছাড় দেওয়ার ফলশ্রুতিতে আমরা জাতির পিতাকে হারিয়েছি। ২১ আগস্টের মতো নির্মম ঘটনা ঘটেছে। দেশ ও জনগণের স্বার্থে অবশ্যই গণতন্ত্র থাকবে। কিন্তু রক্তের বিনিময়ে অর্জিত এ দেশে একাত্তর ও ৭৫-এর খুনি এবং তাদের দোসরদের কোনো গণতান্ত্রিক অধিকার থাকবে না।’
বিশ্বজিৎ ও নারায়ণগঞ্জের ৭ হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে নাসিম বলেন, ‘শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন অপরাধীদের কিভাবে বিচার করতে হয়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো গণতান্ত্রিক দেশ এমন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘যারা ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করে তাদের দ্বারা কোনো হত্যাকাণ্ডের বিচার আশা করা যায় না। ২১ আগস্ট বোমা হামলার সময় বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু এ হামলার সামান্যতম তদন্ত পর্যন্ত তারা করেনি।’
সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াত ও জঙ্গি-তালেবান একই সূত্রে গাঁথা। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। সামনে আরও ভয়াবহ দিন আসছে। তারা আবার দেশে তালেবানি ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন শুরু করতে পারে। তাই এ সব জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫