স্টাফ রিপোর্টার ॥ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে । প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৭০ কোটি ৬১ লাখ টাকা। প্রকল্প তিনটির মধ্যে একটি নতুন ও দুইটি সংশোধিত।
এই প্রকল্পগুলোর সব অর্থ সরকারি খাত থেকে ব্যয় করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করে এ সব তথ্য জানান।
আজকের সভায় ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ’ শীর্ষক প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধি করা হয়।
এই প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯২ কোটি ৭৮ লক্ষ টাকা। এর বাস্তবায়নকাল ধরা হয়েছে জানুয়ারি ২০১২ হতে জুন ২০১৬ পর্যন্ত। প্রকল্পগুলো বাস্তবায়ন করবে ভূমি মন্ত্রণালয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
