Skip to content

সময়ের কাজ সেরে ফেলুন সময়েই

লাইফস্টাইল ডেস্ক ॥ সময়ের কাজ সময়ে শেষ করতে পারছেন না? সহকর্মীরা সবাই তাদের কাজ শেষে চলে গেছে অফিস ছেড়ে অথচ আপনি বসে আছেন মুখ গোমড়া করে? এর জন্য কিন্তু আপনিই দায়ী। কর্মক্ষেত্রে একটু কৌশল নিলেই আপনিও সময়ের কাজ সময়ে শেষ করে ফেলতে পারবেন। হাতে থাকবে কিছুটা অবসর। এতে আপনি একটু বিনোদনেরও সুযোগ পাবেন। শুধু কাজ আর কাজে একটা মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষ মেশিন না। মেশিনেরও বিশ্রাম প্রয়োজন। যাইহোক, আসুন মূল কথায়। আপনি যদি সময়ের কাজ সময়ে শেষ করতে চান, তবে মেনে চলুন নিচের নিয়মগুলো।
১। তালিকা তৈরি করে নিন:
আপনার সারাদিনের কাজগুলোর একটা তালিকা করে ফেলুন। নির্ধারণ করে ফেলুন একটা সময়ও। কোন্ কাজটা কতক্ষণ সময়ে করবেন এই রকম একটা আনুমানিক টার্গেট করে ফেলুন। তারপর এক এক করে পূরণ করে ফেলুন টার্গেট।
২। মনোযোগ বাড়ান:
কাজের ক্ষেত্রে আপনার মনোযোগ বৃদ্ধি করুন। আশেপাশের ঘটনা দেখা, আনমনে অন্য কিছু চিন্তা করা, একটু পর পর ফেইসবুক ঘুরে আসা এইগুলো কমিয়ে দিন, পারলে বন্ধ রাখুন। দেখবেন কাজ দ্রুত শেষ হচ্ছে।
৩। কঠিন কাজ আগে করুন:
পরীক্ষার সময় শিক্ষকরা বলে দিতেন, সহজ প্রশ্নটা আগে লিখো। আর সেটা মনে রেখেই যদি আপনি সহজ কাজগুলো আগে করে কঠিন কাজগুলো জমিয়ে রাখেন, তবে বিপদে পড়বেন। এর জন্য আগে আপনাকে কঠিন কাজগুলো করতে হবে। কঠিন কাজগুলো শেষ হলে সহজেই সহজ কাজগুলো করে ফেলতে পারবেন।
৪। কাজে বিরতি নিন:
এক টানা কাজ করা খুব কঠিন। আর একটানা কাজ করলে কাজের প্রতি অনীহা তৈরি হয়। তাই মাঝে মাঝে বিরতি নিন। এতে কাজের প্রতি স্পৃহা বাড়বে। কাজ করেও তৃপ্তি পাবেন।
৫। সব কিছু নিখুঁত করার চেষ্টা করবেন না:
মানুষ সব কিছুই নিখুঁত ভাবে করতে পারে না। আর একটা কথা মনে রাখবেন, নিখুঁতের কোন শেষ নেই। তাই একটা কাজ নিখুঁতভাবে করতে গিয়ে আর দশটা কাজ ফেলে রাখা বোকামি। আবার একটা কাজ করতে করতে অন্য কাজের ত্রুটি নিয়ে চিন্তা করলেও সময় নষ্ট হয়। তাই সময় ও কাজের পরিমান নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন।
এছাড়াও সময়ের কাজ সময়ে করার জন্য সহকর্মীর সহযোগিতা, নিজের কর্মদক্ষতা বৃদ্ধি, কর্ম কৌশল পরিবর্তন প্রভৃতি বিষয়ে খেয়াল রাখুন। শুধু কাজকে সময় না দিয়ে কিছুটা সময় নিজেকেও দিন, এতে আপনার কাজেরই উপকার হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫