Skip to content

অক্টোবর থেকে ব্রিটিশ ভিসা প্রসেসিং দিল্লিতে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ভিসা দেয়া হবে দিল্লি থেকে।

পূর্বপরিকল্পনা অনুযায়ী ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ভিসা সেকশন নয়াদিল্লিতে স্থানান্তর করায় এখন থেকে বাংলাদেশিদের ভিসা দেয়া না-দেয়ার সিদ্ধান্ত হবে দিল্লি থেকে। বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি সূত্র।

তবে আগের মতোই বাংলাদেশি আবেদনকারীরা ঢাকা ও সিলেটের ভিসা আবেদন কেন্দ্রে তাদের আবেদনপত্র জমা দেবেন। ব্রিটিশ হাইকমিশন দিল্লি থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

এর আগে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন থেকে প্রেরিত এক বিবৃতিতে জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকে ব্রিটিশ ভিসা প্রসেসিং দিল্লিতে গেলেও সময়সীমা ও কোয়ালিটিতে কোনো পরিবর্তন আসবে না।

বিবৃতিতে বলা হয়, গ্লোবাল স্ট্র্যাটেজির অংশ হিসেবে ব্রিটিশ ভিসা অ্যান্ড ইমিগ্রেশন সারাবিশ্ব থেকেই ভিসা প্রসেসিং সেন্টারের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে ব্রিটিশ করদাতাদের অর্থের সাশ্রয়ের বিষয়টি অন্যতম বিবেচ্য বলে মন্তব্য করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, গ্লোবাল স্ট্র্যাটেজির অংশ হিসেবেই ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ভিসা প্রসেসিং সিস্টেম নয়াদিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ১ অক্টোবর থেকে বাংলাদেশে আবেদনকৃত সব ভিসা অ্যাপ্লিকেশন নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশনের ভিসা সেকশন প্রসেসিং করবে।

বিবৃতিতে ভিসা প্রার্থীদের আশ্বস্থ করে বলা হয়, ভিসা দেয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নয়াদিল্লিতে স্থানান্তর করা হলেও ভিসার আবেদন আগের মতোই ঢাকা ও সিলেটের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গ্রহণ করা হবে। ভিসা ফিসহ আনুষঙ্গিক সব খরচও বর্তমান অংকের মধ্যেই থাকবে।

বিবৃতিতে আরো আশ্বস্থ করা হয় যে, ভিসা প্রাপ্তির সময়সীমারও কোনো পরিবর্তন হবে না। বর্তমান নিয়ম অনুযায়ী নন সেটেলমেন্ট আবেদন ১৫ দিন এবং সেটেলমেন্ট আবেদন ৬০ দিনের মধ্যেই নিষ্পত্তি হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫