স্পার্টস ডেস্ক ॥ দিন তিনেক আগে স্প্যানিশ লা লিগার খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ। এরপর বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বুধবার কোপা দেল রের খেলায় প্রথম লেগে কর্নেয়ার মুখোমুখি হয় তারা। সে হিসাবে রিয়ালের কাছে অখ্যাত এই দলটির পাত্তা না পাওয়ারই কথা। হয়েছেও তা-ই।
দলের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো নেই, তারপরও কর্নেয়ার বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে বড় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
অবশ্য তৃতীয় বিভাগের দল হিসেবে মোটেই খারাপ খেলেনি কর্নেয়া। এস্তাদিও মিউনিসিপলে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে তারা। কিন্তু ঘরের মাঠে ৯ মিনিটের মাথায় রাফায়েল ভারানের গোলে পিছিয়ে পড়ে কর্নেয়া।
এদিকে, শক্তিশালী রিয়ালকেও একটা ঝাঁকুনি দিতে সক্ষম হয় তারা। ১৯ মিনিটে অস্কার মুনোজের গোলে সমতায় ফেরে কর্নেয়া। আর তাতে কম্পন ধরতে শুরু করে রিয়াল বস কার্লো আনচেলত্তির হৃদয়ে!
তবে রোনালদোহীন রিয়ালও যে কম শক্তিশালী নয়, সেটা প্রমাণ হলো আরো এক বার। ৩৭ মিনিটে দুর্দান্ত একটি গোল করে রিয়ালকে এগিয়ে দেন সেই ভারানে। বিরতির আগে ম্যাচের ফল ২-১।
এদিন দলে ছিলেন না ইকার ক্যাসিয়াস, গ্যারেথ বেলও। তাতে কী? বিরতি শেষে আরো ভয়ংকর হয়ে ওঠে রিয়াল। আক্রমণ আর পাল্টা আক্রমণের মহড়া বসান রিয়ালের ফরোয়ার্ডরা।
৫২ মিনিটে ম্যানইউ থেকে আগত হাভিয়ের হার্নান্দেজের গোলে রিয়ালের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। গোল করা থেকে বিরত ছিলেন না রিয়ালের ডিফেন্ডার মার্সেলোও। ম্যাচের ৭৫ মিনিটের মাথায় চোখের পলকে কর্নেয়ার জালে বল জড়িয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।
এর ফলে এগিয়ে থেকে দ্বিতীয় লেগের খেলায় সান্তিয়াগো বার্নাব্যুতে কর্নেয়াকে স্বাগত জানাবে রিয়াল। কে জানে রিয়ালের ঘরের মাঠে কর্নেয়াকে কত গোল হজম করতে হয়?
