স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে পৌঁছেছেন।
বুধবার সকাল ১০টায় হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রী চট্টগ্রামে সিডিএর নির্মাণাধীন সর্ববৃহৎ ফ্লাইওভার প্রকল্প মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪, ৩৬ এবং ৩৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে জনসেবা ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ন্যাশনাল স্টান্ডার্ড অ্যাওয়ার্ড প্রদান করবেন। এসময় সেনাবাহিনীর ওই তিন ব্যাটেলিয়নের অধিনায়কদের হাতে জাতীয় পতাকা তুলে দেবেন তিনি। সেনাবাহিনীর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দুপুর ১টায় মুরাদপুরে ফ্লাইওভারটির নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
সিডিএ সূত্র জানায়, নগরীর যানজট নিরসন ও এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হতে ২০১২ সালের ২ জানুয়ারি নগরীর মুরাদপুর, দুই নম্বর গেট হয়ে জিইসি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পরামর্শক প্রতিষ্ঠান ডিডিসি, এসএসআরএম, ডিপিএম, কেভির পরামর্শক্রমে ফ্লাইওভারের দৈর্ঘ্য বাড়িয়ে লালখানবাজর পর্যন্ত নেয়া হয়। ফ্লাইওভারের দৈর্ঘ্য বাড়ানোর ফলে ১৫০ কোটি ৭০ লক্ষ টাকার প্রাক্কলিত ব্যয় বেড়ে দাঁড়ায় ৪৬২ কোটি টাকা। ফ্লাইওভারটি মুরাদপুর থেকে দুই নম্বর গেট, জিইসি, ওয়াসা হয়ে লালখান বাজারে গিয়ে শেষ হবে।
