Skip to content

বিকেলে ৪র্থ অধিবেশন, পাসের অপেক্ষায় ১০ বিল

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার বিকেলে। এটিই এ বছরের শেষ অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। তবে কতোদিন এটি চলবে সে সিদ্ধান্ত জানা যাবে বিকেল ৩টায় অনুষ্ঠেয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের পরে।

গত ২৮ অক্টোবর বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় উল্লেখিত ক্ষমতাবলে চতুর্থ অধিবেশনের আহ্বান করেন।

এবারের অধিবেশনে নতুন ও পুরনো মিলিয়ে মোট দশটি বিল পাসের অপেক্ষায় আছে বলে জানা গেছে।

সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানা যায়, অধিবেশনের জন্য এ পর্যন্ত ১০টি বিল জমা পড়েছে। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল (বিপিইআরসি) বিল পাসের অপেক্ষায় রাখা হয়েছে। এছাড়া দু’টি নতুন বিল উত্থাপন ও সাতটি বিল কমিটিতে বিবেচনাধীন রয়েছে। নতুন যে দু’টি বিল উত্থাপন হতে যাচ্ছে তা হলো: বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্স ইনস্টিটিউট বিল-২০১৪, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) সংশোধন বিল-২০১৪।

কমিটিতে বিবেচনাধীন বিলগুলো হচ্ছে, দি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্ডার (সংশোধন) বিল-২০১৪; রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিল-২০১৪; বান্দরবানপার্বত্য জেলা পরিষদ বিল-২০১৪; খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) বিল-২০১৪; বাংলাদেশ হোটেল ও রেস্তরাঁ বিল-২০১৪, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকবিল-২০১৪ এবং উপানুষ্ঠানিক শিক্ষা বিল-২০১৪।

সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা যায়, চতুর্থ এ অধিবেশনটির মেয়াদ ১২ কার্যদিবস হতে পারে। তবে সেটি নির্ধারণ হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। স্পিকারের সভাপতিত্বে এ বৈঠকে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ সিনিয়র মন্ত্রী ও এমপিরা অংশ নেবেন।

এদিকে অধিবেশনকে কেন্দ্র করে সংসদ সচিবালয় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে। তারা জানায়, বিভিন্ন বিধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বিভিন্ন বিধিতে উত্তর দেয়ার জন্য প্রশ্ন জমা পড়েছে। সেগুলোকে নিয়ম অনুযায়ী বিন্যাসও করা হয়েছে।

জানা গেছে, স্পিকার কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন ও সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি নির্বাচিত হওয়ায় এ অধিবেশনে এ বিষয়ে তাদেরকে অভিনন্দন জানিয়ে আলোচনা হবে। পাশাপাশি সমকালীন নানা প্রসঙ্গও উঠে আসবে।

এদিকে অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইতিমধ্যে একটি নোটিশে বৃহস্পতিবার থেকে অধিবেশ শেষ না হওয়া পর্যন্ত সংসদ এলাকায় সব ধরনের মিছিল, মিটিং, সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর এ সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়। ১ সেপ্টেম্বর শুরু হয়ে ১৪ কার্যদিবস ছিল সেটির মেয়াদ। সে অধিবেমনে ১৪টি সরকারি বিল জমা পড়ে। এরমধ্যে পাঁচটি সরকারি বিল পাস হয়। এরমধ্যে বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধন বিলও রয়েছে। ১৭ সেপ্টেম্বর বিলটি সংসদে পাস হয়।

৫ জানুয়ারির নির্বাচনের পরে ২৯ জানুয়ারি এ সংসদের প্র্রথম অধিবেশন শুরু হয়। ৩ জুন শুরু হয় দ্বিতীয় অধিবেশন। সে অধিবেশনেই চলতি অর্থবছরের বাজেট পাস করা হয়।

এ সংসদেই প্রথমবারের মতো জাতীয় পার্টিকে প্রথমবারের মতো বিরোধীদলের ভূমিকায় দেখা যায়। তবে পার্টি চেয়ারম্যান এরশাদের স্থলে বিরোধীদলীয় নেতার আসন দখল করে নেন রওশন এরশাদ। বিরোধীদল থেকে তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী সরকারেও প্রতিনিধিত্ব করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫