Skip to content

আজ জিতলেই ফাইনালে বাংলাদেশ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত তৃতীয় সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আজ ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ দুইবারের ফাইনালিস্ট শক্তিশালী নেপাল। বাংলাদেশ সময় বিকেল ২.৩০টায় ম্যাচটি মাঠে গড়াবে। সরাসরি সম্প্রচার করবে পাকিস্তানের পিটিভি। গ্রুপপর্বে বাংলাদেশ আফগানিস্তানকে ৬-১ ও মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আজকের ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশের মেয়েরা দুই দফায় অনুশীলন করেছেন। দলে কোনো ইনজুরি সমস্যা নেই। তবে পাকিস্তানের ইসলামাবাদের আবহাওয়া কিছুটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। রাতের বেলা ইসলামাবাদের তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমে যায়। দিনেও বেশ ঠাণ্ডা থাকে। তবে বাংলাদেশের মেয়েরা নেপালের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে মুখিয়ে আছেন সুইনু প্রু মারমা-সাবিনারা। এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের কোচ সুকিতো নুরিও বলেন, ‘এই ম্যাচ জেতার জন্য আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব। এই ম্যাচ জিতে ফাইনালে খেলতে চাই।’ সহকারী কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘আমরা এই ম্যাচে সবটুকু দিয়ে চেষ্টা করব। ফাইনালে খেলার জন্য এটা আমাদের ডু অর ডাই ম্যাচ। সব খেলোয়াড় শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছে। বাংলাদেশের নারী ফুটবলে ইতিহাস গড়তে তারা তাদের সবটুকু দিতে প্রস্তুত।’ অধিনায়ক সুইনু প্রু মারমা বলেন, ‘আজকের ম্যাচ নিয়ে আমরা খুবই সিরিয়াস। এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচটি জিততে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব এবং শতভাগ উজাড় করে দিয়ে খেলব। আমরা দেশের সবার কাছে দোয়া চাচ্ছি।’ বাংলাদেশের এই ম্যাচ দেখতে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশিরা মাঠে আসবেন। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের সব কর্মকর্তা ও কর্মচারীরাও মাঠে আসবেন। তারা বাংলাদেশের পতাকা নিয়ে গ্যালারি থেকে বাংলাদেশ দলকে উৎসাহ দিবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫