বাংলাভূমি২৪ ডেস্ক ॥
প্রধানমন্ত্রীর বহর থেকে: মালয়েশিয়ায় তিন দিনের সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী।
এর আগে স্থানীয় সময় বেলা ১১টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৯টা ৫৫ মিনিটে) মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে রওনা দেন প্রধানমন্ত্রী।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রী হাজি ইসমাইল হাজি আবদুল মুত্তালিব ও মালয়েশিয়ার নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার একেএম আতিকুর রহমান।
এর আগে বুধবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন আবদুর রাজাকের সঙ্গে তার কার্যালয় পারদানা স্কয়ারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকটি ছিলো অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ।
দুই নেতা উভয় দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলার পাশাপাশি ভবিষ্যতে এই সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন।
পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি চুক্তি, একটি প্রটোকল ও দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ভিসার প্রয়োজনীয়তার আংশিক বিলুপ্তি বিষয়ক এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে কূটনীতিক ও সরকারি সফরে আর ভিসা নেওয়ার প্রয়োজন হবে না। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রিওট আনাক জায়েম।
প্রটোকলে বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং মালয়েশিয়ার পক্ষে স্বাক্ষর করেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রিওট আনাক জায়েম।
পর্যটন বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মুস্তাপা মোহামেদ।
সংস্কৃতি, শিল্পকলা ও ঐতিহ্য বিষয়ক সহযোগিতার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও মালয়েশিয়ার সংস্কৃতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মুস্তাপা মোহামেদ।
মালয়েশিয়া সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
সফরকালে তার সাক্ষাৎ হয় আধুনিক মালয়েশিয়ার নির্মাতা মাহাথির মোহাম্মদের সঙ্গে। এছাড়াও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত সামি ভেলু তার সঙ্গে দেখা করেন।
প্রধানমন্ত্রীর এ সফর সার্বিকভাবে সফল হয়েছে বলে সাংবাদিকদের জানান সফরসঙ্গী, মন্ত্রিসভার সদস্য ও কর্মকর্তারা।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
