বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের সফর উদ্দিন খান তার ৭ বিঘা জমিতে আমন ধান চাষ করেছিলেন। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) মীরবাগ হাটে ধান বিক্রি করতে এসেছিলেন তিনি। ক্রেতা ও দাম কম থাকায় ধান বিক্রি না করে বাড়িতে ফেরত নিয়ে যান সফর উদ্দিন খান।
বাজারে ধানের দাম কম বলে অভিযোগ করেন গঙ্গাচড়া এলাকার কৃষক মোহাম্মদ আলী, রংপুর সদরের মমিনপুর ইউনিয়নের হাসান মিয়া, গঙ্গাচড়ার গান্নারপাড় এলাকার আলী হোসেন।
তারা জানান, রংপুর অঞ্চলের হাট-বাজারগুলোতে আমন ধান কেনাবেচা হচ্ছে ৭০০ থেকে সাড়ে ৭০০ টাকা মণ দরে। আর কৃষকের প্রতি মণ ধানে উৎপাদন খরচ হয়েছে ৬০০ থেকে সাড়ে ৬০০ টাকা করে।
এ অবস্থায় বাজারে ক্রেতা কম থাকায় ধানের দাম বাড়ছে না। ধানের দাম কম থাকায় কৃষকরা ধান বিক্রি করতে ইতস্তত করছেন। অনেকে বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করে সংসার চালাচ্ছেন। বর্তমান বাজার দর অনুযায়ী ধান বিক্রি করতে হলে কৃষকের লাভ তেমন একটা থাকবে না। তারা ধানের আরো ভালো দাম চান।
গত বছর আমন মৌসুমের শুরুতে ধানের দাম ছিল ৮০০ টাকার উপর। গতবারের চেয়ে এবার ধানের মূল্য কমে যাওয়ায় কৃষকদের মন খারাপ। অনেকে বেশি দামের আশায় হাটে ধান বিক্রি না করে বাড়িতে নিয়ে যাচ্ছেন।
কৃষকরা জানান, তিন বছর আগেও ১ একর জমির ধান কেটে মাড়াই করতে ১ হাজার থেকে দেড় হাজার টাকা লাগত। এবার প্রায় তিনগুণ বেশি মজুরি দিতে হচ্ছে। উৎপাদন ব্যয়ও বেড়েছে দ্বিগুণ।
এদিকে গত মাস থেকে সরকার ধান-চাল সংগ্রহ অভিযানের ঘোষণা দেয়। অনেক জেলায় এখন পর্যন্ত এ অভিযান চলছে কাগজে-কলমে।
উত্তরাঞ্চলে ১৮২টি খাদ্য গুদাম রয়েছে। এর ধারণ ক্ষমতা ৫ লাখ মেট্রিক টনের ওপর। এসব গোডাউনে এখনো খাদ্যশস্য মজুদ রয়েছে। নতুন করে খাদ্যশস্য ক্রয় করে কোথায় রাখবেন এই চিন্তায় অস্থির খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা।
ফলে কৃষকরা সরকারি গুদামে অথবা মিলারদের কাছেও ধান বিক্রি করতে পারছেন না।
অপরদিকে আমন মৌসুমের সময় উত্তরাঞ্চলের বিভিন্ন হাট-বাজারে হাজার হাজার মধ্যস্বত্বভোগী ধান-চাল ক্রয় করতো। চলতি মৌসুমে এখন পর্যন্ত তারা মাঠে নামেনি। ফলে বাজারে ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না।
রংপুর কৃষি বিভাগের কর্মকর্তা জুলফিকার হায়দার জানান, এবার রংপুরে ১ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। প্রতি হেক্টরে চাল উৎপাদন হবে ৩ দশমিক ১ টন করে।
তিনি বলেন, এবার আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষক ভাল দাম পাবেন বলে জানান তিনি। বাংলানিউজটোয়েন্টিফোর.কম
