বাংলাভূমি২৪ ডেস্ক ॥
মালয়েশিয়া: রোববার (২৫ জানুয়ারি) দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর প্রথম জানাজা নামাজ।
স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে এগারোটা) কুয়ালালামপুরের নাগারায় অবস্থিত জাতীয় মসজিদ অনুষ্ঠিত হবে এ জানাজা।
বর্তমানে কোকোর মরদেহ মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া হাসপাতালে রাখা হয়েছে। মালয়েশিয়া বিএনপি সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়েই কোকোর জানাজা অনুষ্ঠিত হবে। এ জন্য সব রকম প্রস্তুতি তারা নিয়েছেন।
এদিকে, কোকোর জানাজায় অংশ নিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী কুয়ালালামপুরে আসতে শুরু করেছেন। শুধু তাই নয় সিঙ্গাপুর থেকেও বিএনপি নেতারা মালয়েশিয়ায় এসেছেন। ইতোমধ্যে অনেকেই উপস্থিতও হয়েছেন।
কোকোর মৃত্যুতে বাংলাদেশের মতো মালয়েশিয়াতেও বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার রূহের মাগফিরাত কামনা করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন মসজিদে কোরান পাঠের আয়োজন করেন।
বাংলাদেশ সময় শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টার (মালয়েশিয়া সময় ২টা) দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
দুই কন্যা সন্তানের পিতা আরাফাত রহমান কোকোর মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর। দেশ ছাড়ার পর স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি কুয়ালালামপুরের একটি ভাড়া বাসায় থাকতেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম
