Skip to content

‘আগে জনগণের অধিকার, পরে পরীক্ষা’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ‘আগে আইনের শাসন দরকার। প্রয়োজনে পরীক্ষা পিছিয়ে দেন। আগে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হোক, তারপর পরীক্ষা নেয়া যাবে।’

শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিবিসি বাংলাদেশ সংলাপে এক দর্শকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ভোটের অধিকারের জন্য লড়ছে। আর সেই ভোটের অধিকার ফিরে পেতে হলে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে।
তিনি আরো বলেন, সরকার পদত্যাগ করে নির্বাচন দিলে চলমান সংকটের অবসান হবে। তিনি মনে করেন বলপ্রয়োগ করে এ সমস্যার কোনো সমাধান করা যাবেনা।
এসময় চলমান রাজনৈতিক সহিংসতায় যারা ক্ষতির শিকার হচ্ছেন, তাদের ক্ষতিপূরণ রাষ্ট্রের ব্যবস্থা করা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন আহমেদ বলেন সরকারের উচিত ক্ষতিপূরণ দেয়া কারণ সরকারই এ পরিস্থিতির জন্য দায়ী।
অন্যদিকে সংলাপে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা সন্ত্রাস করে, মানুষ পুড়িয়ে মারে তাদের সঙ্গে আলোচনা হতে পারে না।
এই দুই রাজনীতিবিদ ছাড়াও এবারের সংলাপে অতিথি আলোচক ছিলেন বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক এবং রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান।
অতিরিক্ত বল প্রয়োগ চলমান রাজনৈতিক সহিংসতার সমাধান কি না, সংলাপের শুরুতেই এমন প্রশ্ন তোলেন এক দর্শক।
জবাবে শাহদীন মালিক বলেন, পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারা, নাশকতা- এর সঙ্গে আইনশৃঙ্খলার যোগাযোগ তো আছেই। কিন্তু সেটা ৩০ ভাগ। ৭০ ভাগই রাজনৈতিক। কাজেই রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।
একই মত প্রকাশ করে রওনক জাহান বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হওয়া উচিত।
তবে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আলোচনা অবশ্যই হতে পারে। কিন্তু যারা সন্ত্রাস করে, তাদের সঙ্গে নয়। তারা যদি সন্ত্রাস পরিহার করে, তাহলে আলোচনা হতে পারে।
হাফিজউদ্দিন আহমেদ বলেন, বল প্রয়োগ করে কখনোই সমস্যার সমাধান করা যাবে না। কারণ বিএনপির সঙ্গে জনগণ আছে। কোকের জানাজায় লাখো মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫