Skip to content

গ্রন্থেমেলায় অর্থমন্ত্রীর চার বই

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের চারটি গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার সন্ধ্যায় প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে গ্রন্থ চারটির প্রকাশনা সংস্থা সময় প্রকাশন। প্রকাশনা অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কবি নূহ-উল আলম লেলিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। নিজের গ্রন্থের প্রকাশনা উৎসবের অনুভূতি প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ।
সৈয়দ মনজুরুল ইসলাম ‘স্মৃতির মণিকোঠায়’ বইয়ের আলোচনায় বলেন, বইটিতে তিনি তার দেখা আদর্শবান মানুষের কথা বলেছেন। তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। কিন্তু যে মানুষগুলো হারিয়ে গেছে তাদের পুনরুজ্জীবনই এ বইয়ের উদ্দেশ্য। এখন গণতন্ত্র নিয়ে অনেক কথা বলা হয়, সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা করতে হলে তাদের জীবন ও কর্ম অনুকরণীয় হতে পারে।’
বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক গ্রন্থ সম্পর্কে অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, ‘বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক নেতাই নয়, তিনি দেড় হাজার বছরের বাঙালীর আদর্শিক চেতনা ধারণ করেছিলেন। এ বইয়ে তিনি বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরেছেন। সাথে সাথে বঙ্গবন্ধুর সাথে নিজের ঘনিষ্ঠতার কথা রয়েছে, রয়েছে মুক্তিযুদ্ধে বিশ্বজনমত ও প্রবাসীদের ভূমিকা।’
এবারের বইমেলা উপলক্ষে ‘বসবাসের উপযুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক গ্রন্থের আলোচনায় অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তার ১২টি সাক্ষাৎকার স্থান পেয়েছে। এসবের মধ্যে তিনি দেশের নানা অসঙ্গতি এবং তা থেকে উত্তরণের বিষয়টি উল্লেখ করেছেন। দল বহির্ভূত ছাত্ররাজনীতি এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণের উপকারিতা ইত্যাদি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।’
অর্থমন্ত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি বলেন, ‘তার সৎ চিন্তা, সাবলীল জীবনযাপন এবং ইমোশন এইসব বৈশিষ্ট্য দেখে মনেই হয় না, তিনি একজন রাজনীতিক।’
এবারের বইমেলা উপলক্ষে প্রকাশিত ‘বাংলাদেশের অভ্যুদয়’ শীর্ষক বইয়ের আলোচনা করতে গিয়ে নূহ-উল আলম লেলিন বলেন, ‘এই বইটিতে ১৩টি প্রবন্ধ আছে। এর ৮টিতে তিনি বাংলাদেশের অভ্যুদয়ের কথা বলেছেন। বাকি ৫টি প্রবন্ধে তিনি দেশের নানা সমস্যা এবং তা কাটিয়ে ওঠার অভিমত ব্যক্ত করেছেন।’
অর্থমন্ত্রীর চারটি বইয়ের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন সাবেক কূটনীতিক মহিউদ্দিন আহমদ। এ চারটি বই-ই এবারের গ্রন্থমেলায় সময় প্রকাশনের স্টলে পাওয়া যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫