বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সংলাপের প্রশ্নে কোনো সমাঝোতা করবে না আওয়ামী লীগ। পরিস্থিতি মোকাবেলায় আরো কঠোর হবে সরকার।
শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, বিএনপি জোট আইএস জঙ্গি সংগঠনে পরিণত হচ্ছে। রাজনীতির নামে মানুষ হত্যার আন্দোলন করছে তারা। জঙ্গিবাদকে যেভাবে দমন করা হয় সেভাবেই নাশকতাকারীদের দমন করা হবে।
বৈঠক সূত্রে জানা যায়, বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, ‘বিএনপি নেত্রী ক্ষমতার জন্য উন্মাদ হয়ে পড়েছেন। আইএস জঙ্গি যেভাবে জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করছে, তিনিও তাই করছে। এভাবে চলতে দেয়া যাবে না। যারা সংলাপের কথা বলছেন, তাদের জানা উচিৎ জঙ্গিদের সঙ্গে কোনো সংলাপ হবে না। কোনো ছাড় দেয়ার সুযোগ নেই।’
বৈঠকের এক পর্যায়ে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে বোমা মেরে আট জনকে হত্যার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা না হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
এর জবাবে শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে বলেন, ‘সব বিষয় আমাকে দেখতে হবে? আপনি তো দলের আইন বিষয়ক সম্পাদক। আপনার কাজ কী?’
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বলবো, কঠোর হাতে নাশকতাকারীদের দমন করতে।’
সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) মানুষের ভালো দেখতে পারে না, কল্যাণ দেখতে পারে না। দেশের উন্নয়ন দেখতে পারে না। এজন্য যখনই দেশ এগিয়ে যায় এই ধরনের ঘটনা ঘটানো হয়। সত্যি দুর্ভাগ্য এ জাতির।’
দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য দেন- শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল মতিন খসরু, ড. আবদুর রাজ্জাক, অধ্যক্ষ মতিউর রহমানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।
