স্টাফ রিপোর্টার ॥ ২০ দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির পাশাপাশি ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রোববার সকাল ৬ টা থেকে শুরু হওয়া এ হরতাল বুধবার সকাল ৬ টা পর্যন্ত পালিত হবে।
গত শুক্রবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের পাঠানো এক বিবৃতিতে চলমান অব্যাহত অবরোধ কর্মসূচির পাশাপাশি ফের ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করা হয়।
এদিকে আজ রোববার ইসলামী ছাত্রশিবিরও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।
এর আগে গত রোববার থেকে প্রথম দফায় ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। পরে তা বাড়িয়ে ১০৮ ঘণ্টা করা হয়।
দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুলি করে অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু ও আহত করা, দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেপ্তার, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, বিচারব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতাদের ও সব রাজবন্দির মুক্তির দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।
